২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক সাবেকের বাড়িতে ‘২ সাবেক কাউন্সিলরের নেতৃত্বে হামলা’

তবে হামলার অভিযোগটি দুই কাউন্সিলরই অস্বীকার করেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2024, 07:59 PM

Updated : 26 Aug 2026, 10:48 AM

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের বাড়িতে দুই সাবেক কাউন্সিলরের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। 

রোববার মধ্যরাতে ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বাসদ নেতা অসিত বরণ বিশ্বাসের বাড়িতে হামলার পাশাপাশি তার ওয়ার্ডের সচিবকে মারধর করার অভিযোগও এসেছে। 

সিটি করপোরেশনটির ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রিয়াদ হাসান ও ১৩, ১৪, ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নির নেতৃত্বে এ হামলা হয় বলে অভিযোগ অসিত বরণের।

তিনি বলেন, রোববার রাত পৌনে ১টার দিকে শহরের সনাতন পাল লেনে তার ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে একদল তরুণ-যুবক তাকে খোঁজাখুঁজি করেন। 

ভয়ে অসিত বরণ তার ভাইয়ের ঘরে অবস্থান নেন। সিসি ক্যামেরার ভিডিওতে হামলাকারীদের সঙ্গে সাবেক দুই কাউন্সিলরকেও দেখা গেছে।

অসিত বরণ বলেন, “আমার বাড়িতে হামলা হচ্ছে খবর পেয়ে ১৫ নম্বর ওয়ার্ডের সচিব আবুল কালাম এদিকে আসছিলেন। তখন তাকে রাস্তায় পেয়ে ব্যাপক মারধর করা হয়।”

আবুল কালাম বলেন, “আমারে দেইখাই ‘ওইযে ধর, অসিতের সচিব’, এই বইলাই মারধর শুরু করে। কী কারণে মারলো তাও আমি বুঝতে পারলাম না।” 

এ ঘটনায় সোমবার দুপুরে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন অসিত বরণ বিশ্বাস।

এতে তিনি বলেন, সাবেক কাউন্সিলর রিয়াদ হাসান ও শারমিন হাবিব বিন্নির নেতৃত্বে ২০-২৫ জন ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে মধ্যরাতে তার বাড়িতে হামলা চালায়। ভবনের তৃতীয় তলায় তার ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে। দরজা ভাঙার সময় ভয়ে তিনি পাশের ফ্ল্যাটে ভাইয়ের ঘরে অবস্থান নেন। তাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে তারা চলে যায়।

জানতে চাইলে সাবেক কাউন্সিলর রিয়াদ হাসান হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, “আমার ওয়ার্ডে রোহিঙ্গার জন্মনিবন্ধন প্রসঙ্গে আমার বিরুদ্ধে একটি নিউজ হয়েছে। ওই বিষয়ে কী করা যায়, সে আলাপ করতেই আমি কাউন্সিলর অসিতের বাড়িতে গিয়েছিলাম। 

“তার আগে তাকে ফোনও করেছিলাম। ফোনে না পেয়ে বাসায় যাই। আমি যেহেতু কাউন্সিলর ছিলাম, আমার সাথে কিছু লোক ছিল। তখন এক চোর ওই বাড়িতে ঢুকে। চোরকে ধরতেই সবাই বাড়িতে ঢুকে। আসলে, হামলার কোনো বিষয় হয় নাই।”

শারমিন হাবিব বিন্নি বলেন, “স্থানীয় যুবকরা কালীপূজার আয়োজন করে। তখন আমি ওদিকেই ছিলাম। দুই কাউন্সিলরের মধ্যে কী ঝামেলা হইছে, শুনে আমি সেদিকে যাই। আমি বাড়ির সামনে থেকেই চলে আসছি। পরে হামলা বা কী হইছে আমি জানি না। আমার সঙ্গে তো কোনো সমস্যা নাই, রিয়াদের সঙ্গে জন্মনিবন্ধন নিয়া কী ঝামেলা হইছে সেইটা সে জানে।”

এ বিষয়ে সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, “রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ সেখানে যায়। কিন্তু কাউকে পাওয়া যায়নি। আজ দুপুরে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”