গাজীপুর সিটি নির্বাচন: ৯ মেয়র প্রার্থীসহ ৩৯৮ জনের মনোনয়নপত্র সংগ্রহ
তফসিল অনুযায়ী প্রার্থীরা ২৭ এপ্রিল পর্যন্ত এ মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মেয়র পদে নয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ ছাড়া ৩০৪ জন সাধারণ কাউন্সিলর ও ৮৫ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীও মনোনয়নপত্র তোলেন বলে ওই সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান।
মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন- জাতীয় পার্টির গাজীপুর মহানগর শাখার সভাপতির এমএম নিয়াজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মামুন মণ্ডল (স্বতন্ত্র) মো. আতিকুল ইসলাম (গণফ্রন্ট), ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাইর রহমান, মো. রাজু আহমেদ (জাকের পার্টি), সরকার শাহনুর ইসলাম (স্বতন্ত্র), হারুন অর রশীদ (স্বতন্ত্র) আবুল হোসেন (স্বতন্ত্র) এবং আওয়ামী লীগের দলীয় প্রার্থী আজমত উল্লাহ খান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার বিকাল পর্যন্ত সংরক্ষিত পাঁচ নারী কাউন্সিলর প্রার্থী এবং ১০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তবে কোনো মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেননি।
তফসিল অনুযায়ী প্রার্থীরা ২৭ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
৩০ এপ্রিল মনোনয়নপত্র বাছাই এবং ৮ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দেন। ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান আরও বলেন, আগামী ২৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে মোট ৫৭টি ওয়ার্ডে ভোট নেওয়ার জন্য ৪৭৮টি কেন্দ্র থাকবে; যেখানে কক্ষ থাকবে ৩৪৯১টি। এ ছাড়া অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা ৪৮৬।
এ ছাড়া প্রিজাইডিং কর্মকর্তা ৪৭৮ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৩ হাজার ৪৯১ ও পোলিং অফিসার থাকবেন ৬ হাজার ৯৮২ জন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, ঈদের দিন ছাড়া প্রতিদিন গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। এ সময়ে নির্বাচনী সব কর্মকাণ্ড পরিচালিত হবে।
