২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ট্রেনে ডাকাতির সময় হত্যা: ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

রায় ঘোষণার সময় চার আসামি আদালতে হাজির ছিলেন। আরেকজন পলাতক।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2024, 06:15 PM

Updated : 07 Mar 2024, 06:15 PM

জামালপুরে ট্রেনে ডাকাতির সময় অজ্ঞাত ব্যক্তিকে হত্যার ঘটনায় পাঁচ আসামির আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু তাহের চার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল করিম ছোটন জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বস্তিতলা এলাকার জীবন (২৮), গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া এলাকার শিপন (২৫), ঢাকার মিরপুর এলাকার রাকিব (১৮), কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙা এলাকার সোহেল মিয়া (২০), মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া এলাকার রনি (২২)। এদের মধ্যে রনি পলাতক রয়েছেন।

মামলার নথির বরাত দিয়ে আইনজীবী নুরুল করিম ছোটন জানান, ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে একটি লোকাল ট্রেনে সবকিছু ছিনিয়ে নিয়ে অজ্ঞাত ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার পর জামালপুর সদরের নরুন্দি এলাকায় ট্রেন থেকে ফেলে দেয় ডাকাতরা। লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।

এ ঘটনায় একই বছরের ১৩ মে জামালপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এএসআই মীর মজনু।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, পরে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ তদন্ত করে ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় ৮ জনের সাক্ষ্যের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন বিচারক।