মাদারীপুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
“হঠাৎ করেই ভাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা পণ্যবাহী ট্রাকের মধ্যে ঢুকে গেল।”
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিন জনের প্রাণ গেছে।
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর ওপর এ দুর্ঘটনায় বাসের আরও ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে শিবচর থানার ওসি জহিরুল ইসলাম জানিয়েছেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার আলতাব শেখের ছেলে মনির শেখ।
বাকিদের মধ্যে একজন নারী ও আর আরেক জন পুরুষ বলে পুলিশ জানিয়েছে।
আহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানসিভ জোবায়ের বলেন, “শিবচরে বাস ও ট্রাকের দুর্ঘটনায় আমাদের হাসপাতালে তিন জনের মরদেহ এসেছে।
“১০ জন আহত যাত্রী এসেছিল। যাদের মধ্যে চার জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর ছয় জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
পুলিশ ও স্থানীয়রা বলছে, আড়িয়াল খাঁ সেতুর ওপর ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে ‘ওয়েলকাম পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়।
এ সময় ঘটনাস্থলেই এক জন মারা যান। আর ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকিদের মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
প্রতাপ দাস নামের এক জন প্রত্যক্ষদর্শী বলেন, “আমি অন্য একটি গাড়িতে করে যাচ্ছিলাম। হঠাৎ করেই বিকট শব্দ করে ভাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা পণ্যবাহী ট্রাকের মধ্যে ঢুকে গেল।
“দুর্ঘটনায় বাসের সামনের দিকের যাত্রীদের হতাহত হবার সম্ভবনা বেশি।”
ওসি জহুরুল ইসলাম বলেন, “বাসটি ঢাকা থেকে ছেড়ে এসেছিল। দুর্ঘটনায় এখন পর্যন্ত তিন জনের জনের মৃত্যু হয়েছে।
“ঘটনাস্থল থেকে এক জনের মরদেহ আমরা উদ্ধার করি। বাকি দুই জন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন।”
দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি আটক করে শিবচর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
