‘অভ্যন্তরীণ কোন্দল’: কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপির সম্মেলন স্থগিত
বিএনপির দুপক্ষের পাল্টা-পাল্টি অবস্থান ও বিশৃঙ্খলার আশঙ্কায় শনিবারের সম্মেলন স্থগিত করেছে জেলা কমিটি।
বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত ঘোষণা করেছে জেলা কমিটি।
বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের পাল্টা-পাল্টি অবস্থানের কারণে শনিবারের সম্মেলন স্থগিত করা হয়েছে বলে জানান কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
তিনি বলেন, “অভ্যন্তরীণ কোন্দলের কারণে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার বাজিতপুর উপজেলা বিএনপির নেতাদের সম্মেলন স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।”
জানা গেছে, পাঁচ বছর পর বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল শনিবার। দীর্ঘ সময় ধরে এই আহ্বায়ক কমিটির প্রধানের দায়িত্ব পালন করছেন শেখ মজিবুর রহমান ইকবাল।
সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শরিফুল আলমের উপস্থিত থাকার কথা ছিল।
এর আগে সাবেক সংসদ সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু ২০১৫ সালের ১৮ মে মারা যাওয়ার পর শেখ মজিবুর রহমান ইকবালকে সভাপতি ও মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
দীর্ঘ সময় পেয়েও সম্মেলন ও পূর্ণাঙ্গ কমিটি করতে না পারায় বর্তমান কমিটি ভেঙ্গে দেওয়ার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন দলের একটি অংশ। এর মধ্যে সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।
তবে এই সম্মেলন আয়োজন নিয়ে দলের একটি অংশ আপত্তি জানান। তাদের দাবি, তৃণমূল নেতাকর্মীদের মতামত না নিয়ে সম্মেলন ডাকা হয়েছে। তারা সম্মেলন স্থগিতের দাবি জানান।
সবশেষ বুধবার বাজিতপুর উপজেলার বাঁশমহালে জনসভা করে সম্মেলন প্রতিহতের ঘোষণা দেয় একটি পক্ষ।
নেতারা বলেন, তৃণমূলকে বাদ দিয়ে সম্মেলন করার তৎপরতা চলছে। কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
এমন পরিস্থিতিতে সবার সঙ্গে আলোচনা করে সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানান বিএনপি নেতা মাজহারুল ইসলাম।
এ বিষয়ে জানতে বাজিতপুর উপজেলার বিএনপির আহ্বায়ক শেখ মজিবুর রহমানের মোবাইলে কল করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
