Published : 06 May 2026, 09:48 PM
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে এক যুবদল নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে উপজেলার ধানগড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার ধানগড়া এলাকার বাসিন্দা ও পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তৌকির আহম্মেদ স্বপন (৩৯) এবং একই এলাকার মো. রাকিব (২৪)।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর ছেলে সবুজ বাদী হয়ে মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলা থেকে জানা গেছে, ধানগড়া গ্রামের বাসিন্দা মাহবুবুল আলম বগুড়ার শেরপুর এলাকায় বালুর ব্যবসা করেন। যুবদল নেতা স্বপন দীর্ঘদিন ধরে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকার করলে তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়।
শনিবার ভোরে বাড়ি ফেরার পথে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় মাহবুবুলকে আটকের পর মারধর করে তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এরপর তাকে তুলে নিয়ে প্রথমে একটি বালুর পয়েন্ট ও পরে ব্রহ্মগাছা বাজার এলাকার একটি ভবনে আটকে রাখা হয়।
এ সময় মাহবুবুলের স্বজনদের কাছে মোবাইল করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে অভিযোগ পেয়ে পুলিশ অসুস্থ অবস্থায় মাহবুবুলকে উদ্ধার করে। প্রথমে তাকে স্থানীয় ক্লিনিকে এবং পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আহসানুজ্জামান বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুইজনকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার স্বপনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।