Published : 24 Sep 2024, 04:18 PM
ঝিনাইদহে একটি ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কায় দুজনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দিন জানান।
নিহতরা হলেন- ফরিদপুর জেলার সালতা থানার বড়-কাউনিয়া গ্রামের বাসিন্দা আনিছুর রহমান (৬৫) ও একই উপজেলার ভাওয়াল গ্রামের ফারুক মাতুব্বর (৪৫)।
এ ঘটনায় আহত মতিয়ার রহমান একই উপজেলার ভাওয়াল গ্রামের বাসিন্দা। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি শাহীন বলেন, “ফরিদপুর থেকে ঝিনাইদহ হয়ে একটি মিনি ট্রাক মেহেরপুরের দিকে যাচ্ছিল। ওই গাড়িতে চালকসহ চারজন ছিলেন। পথে স্পিডব্রেকার অতিক্রম করে সামনে থাকা একটি ট্রাকে মিনি ট্রাকটি ধাক্কা খায়।

“এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হয় একজন। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়।”
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বলেছেন, মৃতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।