১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

“গাছ থেকে নামার চেষ্টা করলে অসাবধানতাবশত মাটিতে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ”

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 06:40 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

লক্ষ্মীপুরের কমলনগরে গাছ কাটা শেষে নামতে গিয়ে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরমার্টিন ইউনিয়নের বলিরপোল বাজারের উত্তর পাশে পাটোয়ারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম। 

নিহত রহিম পাটোয়ারী (৩৮) সদর উপজেলার বশিকপুর গ্রামের নূর আলমের ছেলে। তার পরিবারে ৬ সন্তান রয়েছে।

স্থানীয়দের বরাতে পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, রহিম পাটোয়ারী ওই বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। ঘটনার সময় একটি গাছ থেকে নামার চেষ্টা করলে অসাবধানতাবশত মাটিতে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

“খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে লোকজনের সঙ্গে কথা বলেছি। গাছ থেকেই পড়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত হওয়ো গেছে।” 

তবে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।