হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা, ‘রাজনৈতিক’ বলে প্রত্যাহারের সুপারিশ বিএনপি নেতার
‘আমার ছেলে কোনো রাজনীতি করত না, সে বাংলাদেশের ভোটারও ছিল না’, মামলা প্রত্যাহারে মায়ের কান্না
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইতালি প্রবাসী মাসুদ রানা হত্যা মামলাকে ‘রাজনৈতিক’ আখ্যা দিয়ে তা তুলে নেওয়ার আবেদন করেছেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা। এ নিয়ে জোরালো আপত্তি তুলেছেন নিহতের পরিবারের সদস্যরা।
এই মামলার প্রধান আসামি ইমদাদুল হক ওরফে বাচ্চু, যিনি ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সহসভাপতি।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন মাসুদ রানার পরিবার। সেখানে মাসুদের মা হালিমা বেগমের লিখিত বক্তব্য পড়ে শোনান তার ছোট ভাই আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন মাসুদের স্ত্রী শাহীন আফরোজ ও পাঁচ বছরের মেয়ে মাসুদা মেহেরামা। তাদের বাড়ি ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের গজারিয়া গ্রামে।
২৩ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ‘মামলা প্রত্যাহার-সম্পর্কিত প্রতিবেদনে’ এই মামলাটি ‘রাজনৈতিক’ বিবেচনা করে প্রত্যাহারের সুপারিশ করা হয়। আবেদনে বিএনপি নেতা সৈয়দ মোদাররেছ আলী ইছা ছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস এবং সরকারি কৌঁসুলি আশরাফ আলী সুপারিশ করেন।
এ পদক্ষেপের প্রতিবাদ করে সংবাদ সম্মেলনে হালিমা বেগম বলেন, তার ছেলে ২০০৪ সাল থেকে ইতালিতে থাকতেন। ২০১৭ সালে স্ত্রী-সন্তানদেরও সেখানে নিয়ে যান। ২০২১ সালে দেড় মাসের ছুটিতে দেশে এসে গ্রামের দুই পক্ষের ঝগড়া মেটানোর চেষ্টা করেন। এতে স্থানীয় একটি প্রভাবশালী পক্ষ, বিশেষ করে আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক বাচ্চুর লোকজন তার ওপর ক্ষুব্ধ হয়।
তার অভিযোগ, ২০২১ সালের ১৩ এপ্রিল রাতে ভাঙ্গার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ছেলেকে হত্যা করা হয়।
এ ঘটনায় ১৫ এপ্রিল ৩৫ জনকে আসামি করে ভাঙ্গা থানায় হত্যা মামলা করা হয়। একই বছরের ২৭ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশের এসআই ফরহাদ হোসেন ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এতে ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টসহ হত্যার বিভিন্ন তথ্য ছিল।
অভিযোগে বলা হয়, ইমদাদুল হক বাচ্চুর নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটে।
মামলাটি এখন ফরিদপুর অতিরিক্ত দায়রা জজ আদালতে চলছে। ২৪ জন সাক্ষীর মধ্যে নয় জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
এ বছর মামলাটি ‘রাজনৈতিক’ বলে তুলে নেওয়ার আবেদন করা হলে, ৮ এপ্রিল জেলা কমিটি সেটি অনুমোদন করে। পরে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে হালিমা বেগম বলেন, “আমার ছেলে কোনো রাজনীতি করত না, সে বাংলাদেশের ভোটারও ছিল না। সে মানুষের জন্য কাজ করত। তাহলে এই মামলা কীভাবে রাজনৈতিক হয়?”
তিনি বলেন, “ছেলের মৃত্যুর চার মাস পর তার বাবা শোকে মারা গেছেন। আমি বেঁচে থাকতে ন্যায়বিচার চাই।”
মাসুদের ভাই আসাদুজ্জামান বলেন, “আসামিরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলা তুলে নেওয়ার চেষ্টা করছে। তারা শাস্তি এড়াতে দল পরিবর্তন করে প্রভাবশালীদের সঙ্গে মিশছে।”
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতেই সুপারিশ করা হয়েছে।”
প্রধান আসামির বিষয়ে তিনি বলেন, “কে কোন দল করে, সেটা আমি জানি না।”
যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস বলেন, “প্রথমে স্থানীয়ভাবে তদন্ত করা হয়েছে। পরে সেই প্রতিবেদন দেখে কমিটি সুপারিশ করেছে এবং নিয়ম মেনে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরিবার চাইলে সেখানে আপত্তি জানাতে পারে। প্রয়োজন হলে আবার তদন্ত হবে।”
ইমদাদুল হক বাচ্চু ২০১২ সালে ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হন, সেই কমিটি এখনো আছে।
