বরিশালে বেহায়াপনার মামলায় শিবিরের সাবেক নেতা গ্রেপ্তার
পুলিশের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বরিশালের গৌরনদীতে নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়ার পর ‘বেহায়াপনার’ মামলায় শিবিরের উপজেলা শাখার সাবেক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামবাসী তাদের আটক করে পুলিশে দেয়। পুলিশ ওই দুজনের বিরুদ্ধে মামলা করে বলে গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান।
গ্রেপ্তার মাইনুল ইসলাম পলাশ গৌরনদী উপজেলা শিবিরের সাবেক সভাপতি। এ ছাড়া তিনি গৌরনদীর বদরপুর গ্রামের একটি মসজিদের ইমাম।
ওসি ইউনুস মিয়া বলেন, শুক্রবার ভোরে ওই গ্রামের এক প্রবাসীর ঘরে তার স্ত্রীর সঙ্গে পলাশকে আপত্তিকর অবস্থায় পায় স্থানীয়রা। পরে গ্রামবাসী তাকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে নারীসহ পলাশকে উদ্ধার করে।
ওসি বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেননি। তবে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে আইনের ২৯০ ধারায় অশ্লীলতা ও বেহায়াপনার অভিযোগে মামলা করে।
মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গৌরনদী উপজেলা জামায়াতের আমির আল আমিন বলেন, “এক বছর আগে উপজেলা শিবিরের সভাপতি ছিলেন পলাশ। অনৈতিক কাজে লিপ্ত হওয়ার পর তার সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে যায়। এরপর তার কোনো খোঁজ আমাদের কাছে ছিল না। শুক্রবার শুনতে পেয়েছি, বদরপুরে আবারো একই ঘটনায় আটক হয়েছে সে।”
