২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র আন্দোলনে হামলা: সাভারের আওয়ামী লীগ নেতা সেলিম মণ্ডল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার সাত মামলার এজাহারনামীয় আসামি সেলিম।

ছাত্র আন্দোলনে হামলা: সাভারের আওয়ামী লীগ নেতা সেলিম মণ্ডল গ্রেপ্তার
সেলিম মণ্ডল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2024, 08:20 PM

Updated : 26 Aug 2026, 10:49 AM

সাভারে ছাত্র-জনতার আন্দোলনে হত্যার একাধিক মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা সেলিম মণ্ডলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বুধবার মধ্যরাতে রাজধানীর মিরপুর-৬ নম্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪। রাতেই তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়।  

সেলিম ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

মামলার বরাতে পুলিশ জানায়, সাভারে ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় সেলিম মণ্ডলের নেতৃত্বে আন্দোলনকারীদের ওপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী নিহত হলে তাদের স্বজনরা একাধিক মামলা করেন। এরপরই আত্মগোপনে চলে যান সেলিম মণ্ডলসহ অন্যান্য অপরাধীরা। 

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার সাত মামলার এজাহারনামীয় আসামি সেলিম। এর মধ্যে ইয়ামিন হত্যা মামলায় তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

সেলিমের বিরুদ্ধে আরো ছয়টি মামলা রয়েছে। পর্যায়ক্রমে সেসব মামলাতেও তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

২০১৮ সালের অগাস্টে দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তার বকুলকে (২৫) পুড়িয়ে হত্যার পর লাশ গুম করার চেষ্টার মামলায় সেলিম দীর্ঘদিন কারাগারে ছিলেন।