২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভোলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ১

ঘটনার পর ট্রাক ও অটোরিকশাটির চালক পালিয়ে যান।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2025, 07:33 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

ভোলার লালমোহন উপজেলায় রডবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও চার যাত্রী।

রোববার সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ হাওলাদার।

নিহত মো. কবির হোসেন (৪০) চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আবু বক্করপুর ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে। 

পরিদর্শক মাসুদ বলেন, রোববার সকালে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলার দিকে যাচ্ছিল। গাড়িটি লালমোহনের ডাওরি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী মো. কবির হোসেন। স্থানীয়রা আরও চার যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে ঘটনার পর ট্রাক ও অটোরিকশাটির চালক পালিয়ে যান। 

মাসুদ আরও বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।