নির্বাচন করবেন খালেদা জিয়া: মিন্টু
ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সুস্থ আছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেছেন, “২০০৬ সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি। ১৯ বছর ধরে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছি। দেশে যদি এক যুগ, দুই যুগ ধরে নির্বাচিত সরকার না থাকে দেশে মানুষের অর্থনৈতিক উন্নয়ন, জানমালের উন্নয়ন হবে না। একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে তাহলে তারা কখনো ভালো কাজ করবে না।”
বিএনপি নেতা বলেন, “নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রীও (খালেদা জিয়া) নির্বাচন করবেন। তিনি এখন সুস্থ আছেন।”
বুধবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানেও তিনি কথা বলেন।
এর ফাঁকেই দর্শক সারিতে বসে নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবদুল আউয়াল মিন্টু।
তখন তিনি আরও বলেন, “তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সুপ্রিস কোর্টে একটা তারিখ আছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন হলে তার অধীনে ৯০ দিনে নির্বাচন হবে। সে ক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন হলে আমাদের নেত্রী নির্বাচনে অংশগ্রহণ করবেন।
“এখন দেশে যে অবস্থা তাতে ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে পারে। হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের লন্ডনে কথা হয়েছে। দুজন যৌথ বিবৃতি দিয়েছিল। প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সেটিতে আস্থা রাখতে চাই। আমরা চাচ্ছি দ্রুত নির্বাচনটি হোক।”
এদিকে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্পের মতবিনিময় সভায় আট হাজার ৮০৭ কোটি ২০ লাখ টাকার প্রস্তাবনা তুলে ধরেন আইএমএম পরিচালক তপন কান্তি মজুমদার।
পানি সম্পদ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। সমীক্ষা প্রকল্পের উপর বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ ছায়েদুজ্জামান, ফেনী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পানি সম্পদ মন্ত্রনালয়ের উপ-সচিব যতন মারমা, পানি উন্নয়ন বোর্ডের ফেনী সার্কেলের সুপার হাসান মাহমুদ।
সভায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা ছাড়াও অংশীজনরা তাদের মতামত তুলে ধরেন।
