সিরাজগঞ্জে ভোরে ঝটিকা মিছিল, রাতে আটক ৩
ভোরে ঝটিকা মিছিল, রাতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জে আটক ৩ নেতা।
সিরাজগঞ্জ শহরে ঝটিকা মিছিল করার অভিযোগে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান।
ভোরে শহরের বাস টার্মিনাল এলাকায় এই ঝটিকা মিছিল বের হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-দপ্তর সম্পাদক হেদায়েত ইসলাম (৩২), পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাজ্জাদ হোসেন শুভ (১৮) এবং পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সোহান শেখ সুজন (২৫)।
সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, “ভোরে বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের সাবেক নেতা সোহান শেখের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করা হয়। খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
অনুমতি ছাড়া মিছিল বের করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
