ঝালকাঠিতে গাঁজাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা কারাগারে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ঝালকাঠির নলছিটি উপজেলায় আলাদা অভিযানে গাঁজাসহ ছাত্রদলের এক নেতা এবং ২০টি ইয়াবাসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা শনিবার দুপুরে দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার সবুজবাগ এলাকার আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে ও নলছিটি পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আদনান রুবেল (২৮) এবং বরিশালের জাগুয়া এলাকার আব্দুল লতিফ হাওলাদারের ছেলে হাসিবুর রহমান (৩৫)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে নলছিটি শহরের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে রুবেলকে আটক করা হয়। পরে তাকে নলছিটি থানায় নেওয়া হয়।
পুলিশের দাবি, আটকের পর ছাত্রদল নেতা রুবেলকে পরিবারের পক্ষ থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হলেও পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কারণে তা সম্ভব হয়নি।
একই রাতে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কালিজিরা এলাকায় তল্লাশি চৌকিতে ২০টি ইয়াবাসহ হাসিবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি তৌহিদুজ্জামান বলেন, দুইজনের বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, ছাত্রদলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মাদকের অভিযোগ প্রমাণিত হলে সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
