নরসিংদীতে ২৪ ঘণ্টায় ৫০ ডেঙ্গু রোগী শনাক্ত
জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৮৮৫ রোগী।
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন ।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৫০ ডেঙ্গু রোগীর মধ্যে ৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
“এ নিয়ে হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা দাড়িয়েছে ১১৪ জনে।”
সিভিল সার্জন আরও বলেন, এর মধ্যে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৬৬, সদর হাসপাতালে ৩১, মনোহরদী উপজেলায় ছয়, পলাশ উপজেলায় তিন, শিবপুর উপজেলায় ছয় ও রায়পুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ রোগী বলে জানান তিনি।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ৮৮৫ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে; মৃত্যু হয়েছে ১ জনের।
