চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে ২ জনের মৃত্যু
বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা একজনের এবং বিকাল ৪টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আরেকজনের মরদেহ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টা দিকে মালবাগডাঙ্গা গ্রামে পদ্মা নদীতে তারা ডুবে যায় বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন।
নিহতরা হলেন, সাত বছরের রেশমা খাতুন ও ১৫ বছরের মোসলেমা খাতুন। রেশমা সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সোনাপট্টি গ্রামের রেহেশান আলীর মেয়ে এবং মোসলেমা কটাপাড়া গ্রামের গুমানী হকের মেয়ে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ফরিদ উদ্দিন বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মালবাগডাঙ্গা গ্রামে নদীতে গোসল করতে নামে রেশমা ও মোসলেমা। এক পর্যায়ে তারা নদীতে ডুবে নিখোঁজ হয়।
স্থানীয়রা খোঁজাখু্ঁজি করে বেলা প্রায় সাড়ে ১২টার দিকে রেশমার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ মোসলেমার সন্ধানে অভিযান শুরু করে এবং বিকেল ৪টায় তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা ফরিদ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
