১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হাসপাতাল থেকে নবজাতক চুরির দায়ে দম্পতির সাজা

আইনজীবী জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক নবজাতকে চুরি করেন মৌসুমি বেগম।

হাসপাতাল থেকে নবজাতক চুরির দায়ে দম্পতির সাজা

রাজশাহী মহানগরীতে নবজাতক চুরির দায়ে স্বামী-স্ত্রী দণ্ডিত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 05:40 PM

Updated : 05 Apr 2023, 05:40 PM

রাজশাহী মহানগরীতে নবজাতক চুরির দায়ে স্বামী-স্ত্রীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। 

বুধবার বেলা ১২টায় মানবপাচার অপরাধ ট্রাইব্যুনালের বিচারক আয়েজ উদ্দিন আসামিদের উপস্থিতিতে  এই রায় ঘোষণা করেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) শফিকুল ইসলাম। 

সাজাপ্রাপ্তরা হলেন- নগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারি পানির ট্র্যাংকি এলাকার মৌসুমি বেগম এবং তার স্বামী সজীব আহম্মেদ। 

মৌসুমিকে ১০ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। 

সজীব আহম্মেদকে ৫ বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। 

মামলার বরাত দিয়ে পিপি জানান, ২০২১ সালের ২০ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ নম্বর ওয়ার্ডে সিজারের জন্য ভর্তি হন নগরীর রাজপাড়া থানার বাগানপাড়া এলাকার মাসুম রবিদাসের স্ত্রী শিল্পী রানী দাস। ওইদিন সিজারের মাধ্যমে মেয়েসন্তান জন্ম দেন তিনি। 

পরের দিন রাত ১০টার দিকে ওই ওয়ার্ড থেকে নবজাতককে চুরি করেন মৌসুমি বেগম। এই ঘটনার মাসুম রবিদাস বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় মামলা করেন। 

মামলার একদিন পর শিশুটিকে নগরীর তালাইমারি পানির ট্যাংকি এলাকা থেকে উদ্ধার করে মৌসুমি ও সজিবকে গ্রেপ্তার করে পুলিশ। 

একই বছরের ৯ সেপ্টেম্বর পুলিশ স্বামী-স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। তারপর আদালত এই রায় ঘোষণা দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।