বালু ফেলা নিয়ে এলাকাবাসী ও মোংলা বন্দর কর্তৃপক্ষ মুখোমুখি
স্থানীয়দের ভাষ্য, কৃষি জমিতে বালু ফেললে ফসল উৎপাদনে দীর্ঘমেয়াদি ক্ষতি হবে; কৃষি-নির্ভর ৫ গ্রামের হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হবে।
পশুর নদ খননে উত্তোলিত বালু ফেলা নিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ ও দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের এলাকাবাসী মুখামুখি অবস্থানে রয়েছে।
বন্দর সচল রাখতে পশুর নদ খননের কাজ চলছে। সেখান থেকে উত্তোলিত বালুর একটি অংশ ফেলা হয়েছে মোংলার চিলা এলাকার জমিতে। বাকি বালু খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের ৩০০ একর কৃষিজমিতে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে; যা ওই এলাকার মানুষ চায় না।
এ নিয়ে গত এক বছর ধরে এলাকার মানুষ মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মুখোমুখি অবস্থানে হয়েছে।
স্থানীয়রা বলছেন, কৃষি জমিতে বালু ফেললে ফসল উৎপাদনে দীর্ঘমেয়াদি ক্ষতির শিকার হতে হবে তাদের। তিন ফসলি জমি 'পতিত' হওয়ার পাশাপাশি কৃষি-নির্ভর হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হবে।
এ কারণে এলাকাবাসী মিছিল-সমাবেশের পাশাপাশি রাত জেগে জমি পাহারা দিচ্ছে যাতে জমিতে বালু ফেলতে না পারে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখানে বালু ফেলার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য দীর্ঘ প্রায় দেড় বছর তারা আন্দোলন-সংগ্রাম করলেও সমস্যার সমাধান হয়নি। বরং মোংলা বন্দর কর্তৃপক্ষ হুকুম দখল করা জমিতে বালু ভরাট করার সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
হুকুম দখলের প্রক্রিয়া শেষ করতে প্রশাসন থেকে কৃষকদের হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগও করেছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, শনিবার সকালে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালসহ একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে আসার খবরে বানিয়াশান্তা ইউনিয়নের কয়েকশ নারী-পুরুষ সমবেত হন সেখানে। এ সময় তারা বন্দর কর্তৃপক্ষের জমি হুকুম দখলের সাইনবোর্ড দেখে তেড়ে যান। গ্রামবাসীর তোপের মুখে এক পর্যায়ে তারা পিছু হটেন।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল শনিবার বিকালে সংবাদিকদের বলেন, “কিছু এনজিও এবং স্থানীয় সংসদ সদস্য এ এলাকায় খননের মাটি না রাখতে আমার কাছে আবেদন দিয়েছেন। আমি এলাকা দেখে এসেছি। যারা উচ্ছৃঙ্খলতা দেখাচ্ছে তারা জমির মালিক নন, তারা অ্যাক্টিভিস্ট।”
জমির মালিকদের বেশিরভাগই তাদের জমি একটু উঁচু হোক চান বলে মোস্তাফা কামালের ভাষ্য।
এলাকাবাসী জানান, গত ২৮ জুলাই বন্দরের লোকজন হুকুম দখলের জন্য ওই জমিতে সাইনবোর্ড বসাতে গেলে এলাকাবাসীর প্রতিরোধে তা ব্যর্থ হয়।
৯ অগাস্ট বানিশান্তার আমতলা ক্যাম্প এলাকার গ্যাস ফ্যাক্টরি ঘাট দিয়ে খননযন্ত্র তোলার চেষ্টা করা হয়। ওই সময়ও বাধার মুখে তা পাড়ে তুলতে পারেননি বন্দরের লোকজন।
সবমিলিয়ে দুই সপ্তাহ ধরে এলাকাবাসী ও মোংলা বন্দর কর্তৃপক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে।
দাকোপ ইউএনও মিন্টু বিশ্বাস বলেন, “মোংলা বন্দরকে জমি বুঝিয়ে দেওয়ার পর অন্য কার্যক্রম শুরুর জন্য আমরা একদিন সেখানে গিয়েছিলাম। কিন্তু আন্দোলনের মুখে ফিরতে হয় আমাদের।”
কৃষকদের হুমকির অভিযোগ তিনি অস্বীকার করে বলেন, “এগুলো মিথ্যা।”
দাকোপের বাসিন্দা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার বলেন, “প্রধানমন্ত্রী এ বন্দর নিয়ে অর্থনৈতিক জোনের স্বপ্ন দেখছেন। এখানে আমাদের বালুও খনন করতে হবে, আবার তিন ফসলি জমিও রক্ষা করতে হবে। একটু সময় নিয়ে দেখেশুনে বিকল্প একটি জায়গায় প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে।”
স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস বলেন, “উন্নয়নের স্বার্থে মোংলা বন্দর চ্যানেল খনন দরকার। কিন্তু খননের বালু কৃষিজমিতে কোনোভাবেই ফেলতে দিতে রাজি নই।”
‘বৃহৎ উন্নয়নের স্বার্থে’ এ কৃষিজমি দরকার হচ্ছে মন্তব্য করে মোংলা বন্দরের চেয়ারম্যান মোহাম্মদ মুসা বলেন, মোংলা এলাকায় ৭০০ একর জমিতে বালু ফেলা হয়েছে। আরও ৩০০ একর দরকার। পশুর নদের পূর্বপাড়ে বালু ফেলার জায়গা নেই। কারণ সেখানে সব কল-কারখানা। তাই পশ্চিমপাশে বানিশান্তা এলাকায় জমির দরকার পড়েছে।
মুসার ভাষ্য, স্থানীয়দের আন্দোলনে জমির মালিকরা নেই; বরং সবাই বহিরাগত। বন্দর সচল রাখার জন্য বন্দরকে আরও কার্যকর করার জন্য পশুর নদ খনন জরুরি। তাছাড়া মোংলা বন্দরের উন্নয়ন হলে এর উপকারভোগী তো এই অঞ্চলের মানুষই হবে।
বন্দর চেয়ারম্যান বলেন, “এ ব্যাপারে দেড় বছর আগে থেকেই আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলছি। আর আমরা তো জমি অধিগ্রহণ করছি না, ২ বছরের জন্য হুকুমদখল। এরপর তারা তাদের জমি ফেরত পাবেন। ১০ বছরের ক্ষতিপূরণের অর্থও পাচ্ছেন তারা।”
বানিশান্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুদেব কুমার রায় বলেন, বানিশান্তার কৃষিজমিতে আষাঢ থেকে পৌষ মাস পর্যন্ত আমন ধান, পৌষ থেকে বৈশাখ মাস পর্যন্ত তরমুজ, বৈশাখ থেকে শ্রাবণ মাস পর্যন্ত আউশ ধান ও অন্যান্য রবি ফসলের চাষ হয়।
“এ জমিতে পশুর নদ খননের বালু ফেললে এলাকার অন্তত ৫ গ্রাম – বানিশান্তা, আমতলা, ভোজনখালি, খাজুরা ও ঢাংমারির মানুষ ক্ষতিগ্রস্ত হবে।”
সুদেব বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ বিকল্প হিসেবে খানজাহান আলী বিমানবন্দরের জায়গা, মোংলা বন্দরের নিজস্ব জায়গায় বালু ফেলতে পারে। কিন্তু তারা তা করছে না।
“আমরা প্রথম থেকেই এর প্রতিবাদ করছি। কৃষক ও কৃষির স্বার্থে এই প্রতিবাদ অব্যাহত থাকবে।”
কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা ও স্থানীয় কৃষক সত্যজিৎ গাইন বলেন, কৃষিই এ অঞ্চলের অধিকাংশ মানুষের পেশা। তিন ফসলি কৃষিজমির ওপর নির্ভর করে বংশপরম্পরায় তাদের জীবন-জীবিকা চলছে। এই জমিতে বালু ফেলা হলে আমাদের জীবন-জীবিকার হুমকির মুখে পড়বে। বাস্তুহারা হবে মানুষ।
সত্যজিৎ বলেন, “বন্দর কর্তৃপক্ষ আমাদের ক্ষতিপূরণ বাবদ টাকা দিতে চায়। আমরা সেটা নেইনি। টাকা চাই না, আমরা জমি রক্ষা করতে চাই।”
ওই গ্রামের আরেক কৃষক গৌতম রায় বলেন, “একাধিক বিকল্প থাকার পরও জনগণের মতামতকে উপেক্ষা করে শিল্পমালিকদের স্বার্থরক্ষায় ফসলিজমিতে বালু ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা হাজারো মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলবে। ধ্বংস করবে পরিবেশ।”
গৌতম বলেন, “জীবন দিয়ে হলেও আমরা আমাদের পূর্বপুরুষের কৃষিজমিতে বালু ফেলতে দেব না।”
এ ব্যাপারে মোংলা বন্দরের চেয়ারম্যান মোহাম্মদ মুসা বলেন, “খানজাহান আলী বিমানবন্দর ড্রেজিং এরিয়া থেকে ২০ কিলোমিটার দূরে। তাই অত দূরে পাইপ দিয়ে বালু ফলা সম্ভব নয়। আর মোংলা বন্দরের নিজস্ব জায়গায় তো আমরা বালু ফেলছিই।”
খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, “ক্ষতিগ্রস্তদের আমরা ক্ষতিপূরণের টাকা নেওয়ার জন্য নোটিশ দিয়েছি। তাদের বোঝানোর চেষ্টা করা হয়ে হচ্ছে। সবকিছু বিবেচনায় নিয়ে সমাধানের একটি উপায় নিশ্চয়ই হবে।”
খুলনা জেলা প্রশাসন কার্যালয় থেকে জানা গেছে, খনন প্রকল্পটি ২০২০ সালের জানুয়ারিতে একনেকে অনুমোদন হয়। প্রকল্পের আওতায় পশুর নদ থেকে প্রায় ২১৬ লাখ ঘনমিটার মাটি ও বালু উত্তোলনের কথা।
বন্দরে পর্যাপ্ত জমি না থাকায় এই মাটি, বালু দাকোপ ও মোংলা উপজেলার বিভিন্ন খাস ও ব্যক্তি মালিকানাধীন জমিতে ফেলতে চায় মোংলা বন্দর কর্তৃপক্ষ। এর জন্য মোংলার ৭০০ একরের বাইরে দাকোপের বানিশান্তা ইউনিয়নের ৩০০ একর জমির প্রয়োজন।
এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালের নভেম্বরে খনন প্রকল্প কর্তৃপক্ষ বানিশান্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে মাটি ফেলার জন্য জমি হুকুম দখলের জন্য অনাপত্তির বিষয়ে চিঠি দেয়।
দাকোপের ইউএনও মিন্টু বিশ্বাস ওই জমিকে কৃষিজমি হিসেবে উল্লেখ করে সার্বিক বিষয়ে প্রতিবেদন পাঠান।
এ বছরের ৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হুকুম দখলের নোটিস দিয়ে ২৭ ফেব্রুয়ারির মধ্যে মালিকদের জমির দখল হস্তান্তরের নির্দেশ দেন। তবে সেই নোটিশ গ্রহণ না করে কৃষকরা বিক্ষোভ করেন।
খুলনা জেলা প্রশাসন হুকুম দখলের জমি মোংলা বন্দর কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছে।
