২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি মামলায় যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার যুবক উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও বিএনপির সক্রিয় কর্মী।

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি মামলায় যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার তবিবর তালুকদার

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2023, 04:32 PM

Updated : 03 Apr 2023, 04:32 PM

ফরিদপুরের আলফাডাঙ্গায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে রোববার সন্ধ্যায় আলফাডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান।

গ্রেপ্তার তবিবর তালুকদার (৪০) আলফাডাঙ্গা কামারগ্রাম এলাকার প্রয়াত মাজেদ তালুকদারের ছেলে।

গ্রেপ্তারকৃতকে পুলিশ বিএনপি কর্মী বললেও দলটির আলফাডাঙ্গা উপজেলার সাধারণ সম্পাদক আকরাম হোসেন মিয়া জানান, তবিবর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য। তবে এখন দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

এর আগে গত শনিবার তবিবরের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে ওই বিষয়ে দ্রুত বিচার আইনে থানায় মামলা করেন উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান।

ফরিদপুরের মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন কর বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু বা প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করা রোধকল্পে আমরা অত্যন্ত কঠোর। মামলাটি দায়েরের সঙ্গে সঙ্গে আসামি গ্রেপ্তারের মধ্য দিয়ে সে বার্তা আমরা দিতে পেরেছি। এ ঘটনায় জড়িত বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।”