জাবি ক্যাম্পাসে পাঁচদিন বাস আটকে রাখার পেছনে কী
বৃহস্পতিবার রাতে বাসটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকিয়ে আটকে রাখা হয়; মঙ্গলবার রাতে শেরপুর বাস মালিক সমিতির লোকজন সেটি নিয়ে যান।
মহাসড়কে চলমান একটি বাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের ক্যাম্পাসে নিয়ে পাঁচ দিন আটকে রাখা এবং পরে ছেড়ে দেওয়ার কোনো কারণ জানা যায়নি।
গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে শেরপুরগামী এম. ডি সুপার নামের একটি বাস [নম্বর- ঢাকা মেট্রো-ব ১৪-৯৩১৬] ভাংচুর করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকিয়ে আটকে রাখা হয়। মঙ্গলবার রাতে শেরপুর জেলা বাস মলিক সমিতির লোকজন বাসটি নিয়ে যান।
তবে বাসটি কে বা কারা ক্যাম্পাসে আটকে রাখল এবং কী শর্তে ছেড়ে দেওয়া হলো সে বিষয়টা অন্ধকারে রয়ে গেছে।
সড়ক থেকে এভাবে কোনো পরিবহন ক্যাম্পাসে নিয়ে কেউ আটকে রাখতে পারে কিনা তার আইনগত অধিকারের বিষয়টিও ভাবার আছে। বাস মালিক এ ঘটনায় আইনের আশ্রয়ও নেননি।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতার ভাষ্য, ‘কয়েকজন ছাত্র’ বাসটি ক্যাম্পাসে নিয়ে আসে। তবে তিনি তাদের রাজনৈতিক বা ছাত্রত্বের কোনো পরিচয় দেননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের ভাষ্য, যারা বাসটি আটক করেছে তাদের সঙ্গে বাস মালিকদের সমঝোতার চেষ্টা করেছেন তিনি; কিন্তু কোনো সমাধান করতে পারেননি। তবে পরে বিবদমান দুই পক্ষ নিজেদের মধ্যে বিষয়টি মিটমাট করেছে; বাসটি নিয়ে গেছে মালিকপক্ষ।
এদিকে বাসটি পাঁচদিন ক্যাম্পাসে আটকে রাখা হলেও উপাচার্য বিষয়টি জানতেন না বলে দাবি করছেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের ভাষ্য, “আমি শুনেছি বিশ্ববিদ্যালয়ের এক ছোট ভাই মোটরসাইকেলে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ফটক থেকে বিশমাইল ফটকে যাচ্ছিল। পরে একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলার মতো অবস্থা হয়েছিল; অল্পের জন্য বেঁচে গেছে। ওই কারণে কয়েকজন ছাত্র বাসটাকে আটকে রেখেছে।”
তবে বাস আটকে রাখা কিংবা বাস ভাংচুরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।
লিটন যে ছোট ভাইয়ের কথা বলেছেন তার নাম শেখ রাজু। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। রাজু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর ওই বাস মালিকের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন। এরপর প্রক্টর দুপক্ষকে নিয়ে বৈঠকও করেছেন; তবে তিনি মীমাংসা করতে পারেননি।
শেরপুর বাস মালিক সমিতির দাবি, সাবেক জাবি ছাত্রলীগ নেতা মুরশিদুর রহমান আকন্দের ‘ইশারায়’ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে এই কাজ করা হয়েছে।
বাসটির মালিক রফিকুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল [সোমবার] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বাস আটকের বিষয়ে কথা বলতে আমাদের ডাকেন। তখন অনেক আলোচনার পর কোনো সমাধান না হওয়ায় আমরা চলে আসি। যে ছাত্রটি আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল সে ক্ষতিপূরণ হিসেবে আমাদের কাছে দুই লক্ষ টাকা দাবি করে। আমরা বলেছি, এটা অসম্ভব। যেখানে আমাদের বাস ওই ৫ এপ্রিল টার্মিনাল ছেড়ে যায়নি সেখানে আমরা কীসের টাকা দেব?”
সোমবার প্রক্টরের সঙ্গে দেখা করতে আসেন শেরপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গৌতম দাস।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৫ এপ্রিল আমাদের টার্মিনালের একটি বাস নাকি রাজুর মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছে; সেজন্য ৬ এপ্রিল তারা আমাদের বাস ভাংচুর করে আটকে রেখেছে।”
গৌতম বলেন, যে বাসটা আটকে রাখা হয়েছে ৫ তারিখ ওই বাস বন্ধ ছিল, টার্মিনাল ছেড়ে যায়নি। ওই দিন বাস না চলার প্রমাণ আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে সিসি ক্যামেরা চেক করতে পারে। ঢাকা-আরিচা মহাসড়কে যত সিসি ক্যামেরা আছে তাও চেক করতে পারে। ক্যান্টনমেন্টের সিসি ক্যামেরাও চেক করুক, ৫ তারিখ এই বাস চলেইনি।
“কিন্তু ৬ তারিখে কিসের ভিত্তিতে আমাদের এই বাস আটকানো হলো? জাবির সাবেক ছাত্রলীগ নেতা মুরশিদুর রহমান আকন্দের ইশারায় জাবি ছাত্রলীগ এই কাজ করেছে – এটাই সত্য। যদি ৫ তারিখ এই বাসটি ঢাকা-আরিচা মহাসড়কে চলেছিল কেউ প্রমাণ করতে পারে তাহলে বাসটি শেখ রাজুর নামে লিখে দেব।”
প্রক্টরের সাথে দেখা করতে এসেছিলেন শেরপুর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেনও।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাস পাওয়ার জন্য প্রয়োজনে মামলা করব বলে প্রক্টরকে জানিয়েছি। প্রক্টর বলেছেন, ‘মামলা করলে আমি ফোনের ওপর সব কাজ করব’।
“রাজুকে সরাসরি বলেছি, আমরা তো আপনার কোনো ক্ষতি করি নাই; তাও অভিযোগ দিলেন। এখন কী করলে বাসটা ফেরত দেবেন? রাজু বলেছেন, তাকে ক্ষতিপূরণ হিসেবে দুই লক্ষ টাকা দিতে হবে। আমরা বলেছি, এটা অসম্ভব। আলোচনায় কোনো মীমাংসা হয়নি, পরে আমরা চলে এসেছি।”
এ বিষয়ে রাজুর কাছে জানতে চাইলে তিনি টাকা দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, “প্রক্টর স্যার গতকাল [সোমবার] আমাদের দুই পক্ষকে নিয়ে বসেছিলেন। তবে কোনো সমাধান হয়নি। আমরা টাকা দাবি করিনি। মোটরসাইকেলের ক্ষতি হয়েছে সেটা দিতে বলেছি। কিন্তু তারা বারবার মুরশিদের কথা বলে বিষয়টি ঘোলাটে করার চেষ্টা করেছে।”
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, “গতকাল [সোমবার] এক শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে আমরা শেরপুরের বাস মালিক সমিতির সাথে বসেছিলাম। তবে আলোচনা করে কোনো সমাধানে পৌঁছানো যায়নি।”
বাইরের একটি বাসকে কেন্দ্র করে একজন শিক্ষার্থীর অভিযোগে কোনো জেলা বাস মালিক সমিতির লোকজনকে ডাকতে পারেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “প্রক্টরের কাছে যেহেতু অভিযোগ এসেছে সেজন্য আমি তাদের ডেকেছি বিষয়টা সমাধানের জন্য।”
বাস মালিক সমিতি মামলা করলে ‘ফোনের ওপর সব কাজ’ সেরে ফেলার বিষয়ে জানতে তিনি বলেন, “এরকম কিছুই বলা হয়নি। আমি কেন তাদের এই কথা বলতে যাব?”
বাস মালিক রফিকের ভাষ্যমতে, সাবেক জাবি ছাত্রলীগ নেতা মুরশিদের গাড়ির রোড পারমিট দেবে বিআরটিএ; আর বাস মালিক সমিতির সঙ্গে কথা বলে বাস চালাতে পারবে। তবে বিআরটিএ যদি রোড পারমিট না দেয়, আর বাস মালিক সমিতিও যদি না দেয় তাহলে সে বাস কীভাবে চালাবে?
“আমার গাড়ি চলছে এই রোডে কিন্তু তার গাড়ি চলছে না, এই ক্ষোভেই সে গাড়িটা ভাংচুর করে আটকিয়ে রেখেছে। কিন্তু তার সাথে তো আমার শত্রুতা নেই, বাস মালিক সমিতির সাথে তার সম্পর্কের টানাপোড়েন। সে আমার বাস কেন আটকে রাখল?”
“মুরশিদ বাস নামাতে না পেরে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে দিয়ে এই কাজ করিয়েছে,” অভিযোগ রফিকের।
বিষয়টি নিয়ে মুরশিদুর রহমান আকন্দের সঙ্গে কথা হলে তিনি এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। স্থানীয় রাজনীতির বিরোধের কারণে তার বিরুদ্ধে এই ঘটনা সম্পৃক্ত করা হচ্ছে বলে তিনি মনে করেন।
মুরশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগ পরিবারের সন্তান হওয়ায় আমি গত জেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছি। তবে নৌকার প্রার্থী পরাজিত হয়েছেন। এ কারণে আমার বিরুদ্ধে বিদ্রোহী একটি গ্রুপ ষড়যন্ত্র করছে। ওই বাস ভাঙচুর বা আটকে রাখার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই।”
মঙ্গলবার রাতে বাসটি ছেড়ে দেওয়া হয়
পাঁচদিন আটকে রাখার পর মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে দেওয়া হয় বাসটি। পরে শেরপুর জেলা বাস মালিক সমিতির লোকজন বাসটি নিয়ে যান।
বাস মালিক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেরপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গৌতম দাস গিয়ে গতকাল বাস নিয়ে আসেন। বাস দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন।
“বাস দেওয়ার সময় লিটনের অনুরোধ ছিল, মুরশিদুর রহমান আকন্দের বাস যেন চলতে দেওয়া হয়।"
তবে বাস ছেড়ে দেওয়ার সময় হাবিবুর রহমান লিটন সেখানে ছিলেন না দাবি করে বলেন, এ ধরনের অনুরোধ করার প্রশ্নই ওঠে না।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বাইরের একটি বাস আটকে রাখা এবং নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শেখ রাজু নামের এক শিক্ষার্থীর লিখিত অভিযোগ আমার কাছে পাঠান। যেহেতু বহিরাগত ইস্যু, এটা যেন নিরাপত্তা শাখা সমাধান করে।
“অভিযোগের কাগজ পাওয়ার পর রাজুকে ডাকা হয় নিরাপত্তা শাখায়। অভিযোগ এবং বাস আটকের বিষয় জিজ্ঞেস করলে তার কথা ও লিখিত অভিযোগের মধ্যে কিছুটা অমিল পাই।"
তিনি আরও বলেন, "আমার মনে হয়েছে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংক্রান্ত বিষয় তাহলে প্রক্টর স্যারই এটার সমাধান করুক। আমি প্রক্টর স্যারকে সরাসরি বলেছি, ছাত্র সংশ্লিষ্ট বিষয়ে আমি সমাধান করব না; বিষয়টা আপনিই সমাধান করেন। পরে প্রক্টর স্যার দুই পক্ষকে নিয়ে বসেছিলেন।"
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে থাকা অবস্থায় বাসটির কোনো ক্ষতি হলে দায় কে নিত জিজ্ঞেস করলে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যাম্পাসের অভ্যন্তরে থাকা অবস্থায় যদি বাসের কোনো ক্ষতি হতো তাহলে সেটার দায় বিশ্ববিদ্যালয়ই নিত।"
বাস মালিক সমিতিকে ডাকার বিষয়ে তিনি বলেন, "প্রক্টর হিসেবে বাইরের লোকের চেয়ে ছাত্রস্বার্থ, বিশ্ববিদ্যালয়ের স্বার্থটাই আগে দেখব – এটাই স্বাভাবিক। শুনেছি আমাকে অভিযোগ দেওয়ার আগেই দুই পক্ষ বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেছে কিন্তু পারেনি, যখন আমার কাছে অভিযোগ এসেছে তখনই দুই পক্ষকে নিয়ে বসেছিলাম। বসার পরও কোনো সমাধান হয়নি। সেজন্য উভয় পক্ষের কাছেই একদিন সময় চেয়েছিলাম। কিন্তু একদিন যেতেই তারা নিজেরাই বিষয়টা সমাধান করে নিয়েছে।"
প্রক্টরের কাছে অভিযোগ আসার পরও তারা কীভাবে নিজেরা সমাধান করে জানতে চাইলে তিনি বলেন, "উভয় পক্ষ গতকাল আমাকে জানিয়েছে তারা বিষয়টা সমাধান করেছে। আমার কাছে তাদের কারও কোনো অভিযোগ নেই। অভিযোগ না থাকলে তো সেখানে কিছু করার থাকে না।"
যেই শিক্ষার্থী অভিযোগ দিয়েছেন তিনি কেন বাস ভাংচুর করেছেন বা বাস আটকে রেখেছেন এই বিষয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "আমার কাছে লিখিত অভিযোগের পর তাকে জিজ্ঞেস করতে বা বিষয়টা তদন্ত করতে সময়ের প্রয়োজন ছিল। বিষয়টা ওই পর্যন্ত গড়ায়নি; তার আগেই সমাধান হয়েছে। তাই আলাদা করে তাকে এসব জিজ্ঞেস করা হয়নি।"
তবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বাইরের কোনো বাসের ক্ষতি হলে সে দায় বিশ্ববিদ্যালয় নেবে না বলে জানান উপাচার্য অধ্যাপক নুরুল আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাসের ক্ষতির দায় কেন আমরা নেব? বাস তো আমরা আটকাই না। দায় কে নেবে এই প্রশ্ন আমাকে না করে ওই শিক্ষার্থীকে করলে ভালো হয়।"
"বাস যে আটকাল তারও তো কারণ আছে নিশ্চয়ই। পাঁচ দিন যাবত বাস আটকানো ছিল, এটা আমি এতদিন জানতাম না। আজকে কোনো এক মাধ্যম থেকে জেনেছি।"
আরও পড়ুন
