২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী সহকর্মীদের শৌচাগারে ক্যামেরা, টাঙ্গাইলে শিক্ষানবিশ চিকিৎসক আটক

“প্রাথমিকভাবে ইমনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে,” বলেন হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুছ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 11:20 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী সহকর্মীদের শৌচাগারে ক্যামেরা লুকিয়ে রাখার অভিযোগে এক শিক্ষানবিশ চিকিৎসককে আটক করেছে পুলিশ।

ওই চিকিৎসকের নাম  রায়হান কবির ইমন। 

সোমবার বিকালে পুলিশে দেওয়ার আগে হাসপাতালের পরিচালক মোহাম্মদ আব্দুল কুদ্দুস ও ইমনকে অবরুদ্ধ করে রাখেন অন্য চিকিৎকরা। 

ইন্টার্ন চিকিৎসকদের ভাষ্য, রোববার সন্ধ্যায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের শৌচাগারে এক নারী চিকিৎসক ‘পেন ক্যামেরা’ দেখতে পান৷ তিনি শৌচাগার থেকে বের হওয়ার পর ইমন ক্যামেরাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

ইন্টার্ন চিকিৎসকরা বলেছেন, ইমন ওই নারী চিকিৎসককে একটি কক্ষে আটকে রাখার চেষ্টা করেন। এক পর্যায়ে ক্যামেরাটি তিনি ভেঙে ফেলেন। 

রোববার রাতে ওই নারী চিকিৎসক হাসপাতালের পরিচালক বরাবর লিখিত অভিযোগ জানান।

সোমবার সার্জারি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবু হানিফকে সভাপতি করে ৫ সদস্যদের তদন্ত কমিটি গঠন করেন হাসপাতালের পরিচালক। 

এর মধ্যে এদিন দুপুরে ইমনসহ পরিচালককে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন অন্যান্য চিকিৎসক। এরপর পুলিশের কাছে সোপর্দ করার আগে ইমনকে মারধর করেন তারা।

হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুছ বলেন, “তিন কর্ম দিবসের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে ইমনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, “ইমনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”