নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যায় মামলা, গ্রেপ্তার ৩
মামলায় আসামি হিসেবে নিহতদের চাচা আব্দুল আউয়াল, চাচী শরীফা বেগমসহ চাচাতো ভাই-বোনসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।
রোববার সকালে রায়পুরা থানায় নিহতদের মা জোসনা বেগম এ মামলা করেন বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।
মামলায় আসামি হিসেবে নিহতদের চাচা আব্দুল আউয়াল, চাচী শরীফা বেগম, চাচাতো ভাই রিপন মিয়া, শিপন মিয়া, চাচাতো বোন আরজিনা ও আসমা আক্তারসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার বরাতে পুলিশ জানায়, শনিবার দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় চাচাতো ভাইদের দেশীয় অস্ত্রের আঘাতে ওই গ্রামের আবু তাহেরের ছেলে হরুণ আলী ওরফে হুরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০) নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
২০ বছর আগে ভাই আব্দুল আউয়ালের কাছ থেকে ১৭ শত টাকার ধার নিয়েছিলেন আবু তাহের। তার বিনিময়ে মৃত আবু তাহেরের বাড়ির ভিটা জমি দাবি করে আসছিল আউয়ালের ছেলেরা।
এ বিরোধের জের ধরেই শনিবার তারা আবু তাহেরের ছেলেদের ওপর হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতদের চাচী শরীফা বেগম, চাচাতো বোন আরজিনা ও আসমা আক্তারকে তিনজনকে আটক করে।
পরবর্তীতে বাদী পক্ষের অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে রোববার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আগের সংবাদ:
