২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বাজার থেকে ফেরার পথে কৃষককে কুপিয়ে হত্যা, আটক ৩

রাতে বাজার থেকে ফেরার পথে একদল লোক তাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে যায়।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2026, 05:13 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

পাবনার সাঁথিয়া উপজেলায় বাজার থেকে ফেরার পথে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম।

নিহত আফছার সরদার (৪৫) ওই গ্রামের কাজিলাল সরদারের ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি দিনমজুর ছিলেন।

তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

পুলিশ ও স্বজনরা জানান, রাতে স্থানীয় একটি বাজার থেকে চা পান শেষে বাড়ি ফিরছিলেন আফছার। পথে বাড়ির কাছাকাছি ওঁৎ পেতে থাকা একদল লোক তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে যায়। 

এ সময় চিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আফছারের মৃত্যু হয় বলে জানায় পুলিশ। 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আফছারের মৃত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া। তার মা আবেদা খাতুন কান্নায় জড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেটা খুব সহজ-সরল ছিল। কাজ ছাড়া কিছু বুঝত না। যারা তাকে মারল, আমি তাদের ফাঁসি চাই।”

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন আফছারের মেয়ে আমেনা খাতুন।

ওসি রফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। এর মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।