১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে কৃষি জমি থেকে মাটি কাটায় জরিমানা ও কারাদণ্ড

কোনাবাড়ীর বাঘিয়া ও আহাকী এলাকায় ফসলী জমি থেকে মাটি কেটে অন্যত্র কৃষি জমি ভরাট করছিল কয়েকজন মাটি ব্যবসায়ী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2026, 01:39 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে কৃষি জমি থেকে গভীর গর্ত করে মাটি কাটার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত আবু হানিফ (৪৫) কোনাবাড়ী থানার আমবাগ এলাকার ওয়াজ আলীর ছেলে। তিনি একজন মাটি ব্যবসায়ী।

ঘটনাস্থল পরিদর্শন করে গাজীপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আহাম্মদ হোসেন ভূঁইয়া বলেন, কোনাবাড়ীর বাঘিয়া ও আহাকী এলাকায় ফসলী জমি থেকে মাটি কেটে অন্যত্র কৃষি জমি ভরাট করছিল কিছু অসাধু মাটি ব্যবসায়ী। 

সংবাদ পেয়ে শনিবার সকালে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর ১৫ (১) ধারা অনুযায়ী এক মাটি ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, ফসলি জমি থেকে মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। এর আগেও গাজীপুরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকজনকে কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে। 

ফসলি জমির মাটি কাটা ও নষ্ট করার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।