সিরাজগঞ্জে ইটভাটার আগুনে পুড়ল ২০০ বিঘা জমির ধান, ক্ষতিপূরণ দাবি
এতে প্রায় ১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি কৃষি বিভাগের।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি ইটভাটার আগুনে প্রায় ২০০ বিঘা জমির কাঁচা-পাকা ধান পুড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি কৃষি বিভাগের।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ৯৭ কৃষক শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে ভাটা মালিকের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরপপুর গ্রামে ‘এজিএন’ নামের একটি ইটভাটা থেকে এ ঘটনা ঘটেছে বলে জানান শাহজাদপুর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজিজুল হক।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, স্থানীয় মনি হাজী কৃষি জমির মাঝখানে ইটভাটা করেছেন। সোমবার রাতে ওই ভাটার চিমনি খুলে দিলে আগুনের তাপে আশপাশের প্রায় ১০০ বিঘা জমির কাঁচা ধান পুড়ে গেছে। কৃষি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে বুধবার সকালে ইউএনওর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। পরে তারা ক্ষতিপূরণ ও ভাটা মালিকের শাস্তি দাবিতে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
গত বছর একই কারণে ধান পুড়ে যাওয়ায় ওই ভাটা মালিক কিছু কৃষকদের ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছিলেন বলে জানান কৃষকরা।
ঘটনাস্থল পরিদর্শন করে কৃষি কর্মকর্তা আজিজুল হক বলেন, “ভাটার আগুনের প্রভাবে নয়টি স্কিমের প্রায় ১৯৩ বিঘা জমির ২৩১ দশমিক ৬ টন ধান সম্পূর্ণ পুড়ে গেছে।
“এ ঘটনায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। এতে প্রায় ১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”
ক্ষতিগ্রস্ত ষাটোর্ধ্ব ফিরোজা বেগম বলেন, “অসুস্থ স্বামী দীর্ঘদিন ধরে বিছানায় পড়ে আছেন। সন্তানরা আমাদের ভরণপোষণ দেয় না। বৃদ্ধ বয়সে অনেক কষ্টে ৫০ শতাংশ জমিতে ধান চাষ করছিলাম।
“কিন্তু ইট ভাটার আগুনে সব ধান পুড়ে গেছে। এখন সারা বছর কী খেয়ে থাকব, কেমন করে চলবে সংসার। স্বামীর ওষুধ কেনার টাকা কোথায় পাব?”
ক্ষতিগ্রস্ত কৃষক হানিফ সরকার ও কালু প্রামানিক জানান, মনি হাজী কৃষি জমিতে অবৈধভাবে ভাটা স্থাপন করে কৃষকদের ক্ষতি করেছেন। গত বছর তিনি রাতের অন্ধকারে ইচ্ছাকৃতভাবে ভাটার আগুন ছেড়ে দিয়ে ধান পুড়িয়ে দিয়েছিলেন। পরে কৃষকদের আন্দোলনের মুখে কিছু কৃষককে ক্ষতিপূরণ দিয়েছেন। এবারও তিনি একই কাজ করেছেন।
ধান পুড়ে যাওয়ায় সারা বছর কীভাবে সংসার চলবে এবং ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ কীভাবে মেটাবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ভাটা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে ইটভাটা মালিক মনি হাজীর মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
