‘অতিরিক্ত মদপান’ করে নাচানাচি, পরে হাসপাতালে মৃত্যু
গভীর রাতে তারা অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
মাগুরার শালিখা উপজেলায় অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে শালিখা শানার ওসি ওলি মিয়া জানান।
তারা হলেন-শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের মনোরঞ্জন দাশের ছেলে সবুজ দাশ (২২) ও একই গ্রামের শ্রী রাম ঘোষাইয়ের ছেলে দিগন্ত ঘোষাইল (২৫)।
তারা দুজনই পেশায় কৃষি শ্রমিক। ময়নাতদন্ত শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি ওলি মিয়া বলেন, “সোমবার রাতে সবুজ ও দিগন্ত ‘অতিরিক্ত মদপান’ করে পাশের বাড়ির একটি অনুষ্ঠানে নাচানাচি করেন। এরপর গভীর রাতে তারা অসুস্থ হয়ে পড়েন। এ সময় দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
“পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে যশোর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালের সবুজ ও বিকালে দিগন্ত মারা যান।”
ঘটনাটি তদন্ত করে অইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি ওলি মিয়া জানান।
