২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে স্বেচ্ছাসেবকদলের নেতাকে মারধর কর্মীদের

প্রবাসী নারীর ব্যাগ ছিনতাই করেছেন এমন অভিযোগে মিজানকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

সিলেটে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে স্বেচ্ছাসেবকদলের নেতাকে মারধর কর্মীদের
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া ছবি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2025, 12:31 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

সিলেটে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধর ও নির্যাতন করার অভিযোগ উঠেছে নিজ দলেরই নেতাকর্মীদের বিরুদ্ধে। 

বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর দর্শনদেউড়ি এলাকায় দলীয় নেতাকর্মীদের হাতে লাঞ্চণার শিকার হয়েছেন বলে জানিয়েছেন সিলেট মহানগরীর বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল ইসলাম মিজান। 

পরে প্রবাসী নারীর ব্যাগ ছিনতাই করেছেন এমন অভিযোগে মিজানকে শারীরিক নির্যাতন ও মাথা ন্যাড়া করে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেওয়া হয়।  

এ বিষয়ে সিলেটের ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন এমদাদুল ইসলাম বলেন, প্রায় দুই বছর আগে ছাত্রদলের একজনের সঙ্গে তার বিরোধ ছিল। এর জেরে বুধবার বিকালে ১০ থেকে ১২ জন তাকে ধরে নিয়ে নগরীর দর্শনদেউরি এলাকায় নিয়ে যান। তারা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের কর্মী। 

সেখানে নিয়ে তাকে মারধর করে তার সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে তার মাথা ন্যাড়া করে মিথ্যা অপবাদ দিয়ে ভিডিও ধারণ করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে এনে ভর্তি করে। 

এমদাদুল ইসলাম আরও বলেন, এই ঘটনায় তিনি দলের জেলা-মহানগর ও কেন্দ্রীয় নেতাদের কাছে বিচার চেয়েছেন।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। মহানগর স্বেচ্ছাসেবকদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি খতিয়ে দেখছেন। এছাড়াও বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়কও বিষয়টির খোঁজ নিচ্ছেন।”

এই বিষয়ে বক্তব্য জানতে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার কল করা হলে তিনি সাড়া দেননি। 

তবে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, “আমরা তদন্ত শুরু করেছি। বিষয়টি নিয়ে আমরা তদন্ত শেষে একটা প্রেস বিজ্ঞপ্তি পাঠাব।”