১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘তেল নেই’ লেখা ফিলিং স্টেশনে মিলল ১০ হাজার লিটার জ্বালানি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফিলিং স্টেশন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2026, 11:29 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘তেল নেই’ লিখে বিক্রি বন্ধ রাখায় একটি ফিলিং স্টেশনে প্রায় ১০ হাজার লিটার জ্বালানির মজুদ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় পাম্প মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে’ এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।

ফিলিং স্টেশনে দুই হাজার ৩৬৮ লিটার পেট্রোল, তিন হাজার ৭৬০ লিটার ডিজেল এবং তিন হাজার ৬৫৫ লিটার অকটেন মজুত থাকার প্রমাণ পাওয়া যায়।

ইউএনও জাকির মুন্সী বলেন, ‘পাম্পে তেল নেই’ লেখা ব্যানার টানিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে পাম্পে জ্বালানি সংরক্ষণ করা বিভিন্ন হাইজ তল্লাশি করে তেলের মজুদ পাওয়া যায়। 

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার দায়ে ফিলিং স্টেশন মালিকে ২০ হাজার টাকা জরিমানা এবং তাৎক্ষণিক তা আদায় করা হয় বলে জানান ইউএনও।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তা হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।