Published : 02 Aug 2025, 03:53 PM
কক্সবাজারের মহেশখালীতে জাহাজের ধাক্কায় ফিশিং ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ এক জেলের মরদেহ পাঁচ দিন পর উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় কুতুবদিয়া কৈয়ারবিল সৈকতে ভেসে আসা মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ আরমান হোসেন।
ওসি আরমান বলেন, মরদেহের মুখমণ্ডল সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। তার পরনে নেভিব্লু প্যান্ট ও একটি অ্যাশ রঙের ফুলহাতা গেঞ্জি রয়েছে।
পরে মরদেহটি ৫ দিন আগে নিখোঁজ জেলে আবদুল মোনাফের (৩৩) বলে নিশ্চিত করেছে তার পরিবার।
আবদুল মোনাফ মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা এলাকার মো. জামাল উদ্দিনের পুত্র।
মোনাফের বোনের স্বামী কুতুবদিয়ার কৈয়ারবিলের সাবেক ইউপি সদস্য মো. টিটু বলেন, গত ২৮ জুলাই হোয়ানকের ধলঘাট পাড়া এলাকার নাসির উদ্দিনের মালিকানাধীন ফিশিং ট্রলারে করে মাছ ধরতে যায় মোনাফ। পরে সোনাদিয়ার অদূরে সাগরে জাহাজের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি।
এই ঘটনায় ৬ জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিলো আবদুল মোনাফ ও আলাউদ্দিন নামের দুই জেলে। এর মধ্যে পরনের কাপড়সহ ছবি দেখে ভেসে আসা লাশটি মোনাফের বলে তার স্ত্রী ও পরিবারের সদস্যরা সনাক্ত করেছেন।
ওই ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আলাউদ্দিন।