Published : 06 Apr 2026, 06:56 PM
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার মালিকের কাছ থেকে নয় লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় একটি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম জানান, সোমবার দিনভর উপজেলার ষোলমাইল, রুদ্রপুর ও ভূইয়াগাতি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, “জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এবং পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের পরিদর্শক শাহিন আলমের নেতৃত্বে অবৈধভাবে পরিচালিত ওই দুই ইটভাটায় অভিযান চালানো হয়।
“অভিযানের সময় ‘রুদ্রপুর এলাকার মেসার্স এসকেবি ব্রিকসের’ মালিকের কাছ থেকে ৬ লাখ এবং কোদলাদিঘর এলাকার ‘মেসার্স বন্ধন ব্রিকসের’ মালিকের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এতে মোট নয় লাখ টাকা জরিমানা হয়েছে।”
এছাড়া ভূইয়াগাতি এলাকার ‘মেসার্স এস অ্যান্ড বি ব্রিকসের’ মালিককে চলতি এপ্রিল মাসের মধ্যে ইটভাটার সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয় এবং তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয় বলে জানান তুহিন আলম।
অভিযানের সময় পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।