Published : 13 Oct 2025, 08:29 PM
বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ২৫ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার তাদেরকে প্রায় দুই লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান হিজলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
তিনি বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য দপ্তর যৌথভাবে মেঘনা নদী, সংলগ্ন খাল ও তীর এলাকায় অভিযান করা হয়েছে।
অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের সময় ২৭ জেলেকে আটক করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয় ২২ লাখ মিটার কারেন্ট জাল ও ১২ কেজি ইলিশ মাছ।
পরে আটকদের হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস সিকদারের ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হয়।
আদালত ২৫ জনকে এক লাখ ৯৫ হাজার জরিমানা করে। দুইজন অপ্রাপ্ত বয়সী হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
উদ্ধার করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে। ইলিশ মাছ এতিমখানায় দেওয়া হয়েছে।