২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে যুবক হত্যায় আটক ১

বুধবার রাতে উপজেলার মথুরাপুর বাসস্ট্যান্ড বাজারে ছুরিকাঘাতে হত্যা করা হয় আব্দুল আজিজকে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2025, 02:15 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

কুষ্টিয়ার দৌলতপুরে ভিজিএফের কার্ডের জন্য অনলাইনে আবেদনের সময় অতিরিক্ত টাকা নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

বুধবার রাতে র‌্যাব-১২ সিপিসি-১ এর তাৎক্ষণিক অভিযানে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার। 

আটক মাহবুল মাস্টার (৫২) স্থানীয় উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা মওলা বক্সের ছেলে। 

এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মথুরাপুর বাসস্ট্যান্ড বাজারে ছুরিকাঘাতে হত্যা করা হয় আব্দুল আজিজকে (৩৫)। আজিজ মথুরাপুর দুর্গাতলা এলাকার বাসিন্দা খিলাফত আলীর ছেলে।

দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, গরীব দুস্থদের খাদ্য নিরাপত্তা বা ভিজিএফ কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে বাড়তি ৪০০ টাকা নেওয়ার প্রতিবাদ করেছিলেন আব্দুল আজিজ।

নিহতের স্বজনদের অভিযোগ, এ কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের কার্ডের জন্য চলমান অনলাইন আবেদন করতে স্থানীয় প্রভাবশালীদের মদদে প্রতিটি আবেদনের বিপরীতে এ টাকা নেওয়া হচ্ছিল। এ টাকা আদায়ে নেতৃত্বে ছিল স্থানীয় মথুরাপুর কলেজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে পলাশ (২৮)। 

এ নিয়ে পলাশের সঙ্গে আজিজ ও স্থানীয় বাসিন্দা আকরামের ছেলে বিজয়ের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পলাশ ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করলে আজিজ পেটে গুরুতর জখম হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত আজিজকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় যার বিরুদ্ধে অভিযাগ উঠেছে সেই পলাশের বক্তব্য পাওয়া যায়নি।

ওসি নাজমুল হুদা আরও বলেন, জড়িত সন্দেহে একজনকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদসহ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত