২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

ভিজিএফ’র কার্ডের আবেদন অনলাইনে করতে ৪০০ টাকা নেওয়ার প্রতিবাদ করায় এ হত্যাকাণ্ড, বলছে পুলিশ ও স্থানীয়রা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2025, 01:06 AM

Updated : 26 Aug 2026, 01:18 PM

কুষ্টিয়ার দৌলতপুরে ভিজিএফের কার্ডের জন্য অনলাইনে আবেদনের সময় অতিরিক্ত টাকা নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মথুরাপুর বাসস্ট্যান্ড বাজারে এ ঘটনায় নিহত আব্দুল আজিজ দুর্গাতলা এলাকার বাসিন্দা খিলাফত আলীর ছেলে।

দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, অনলাইনে ভাতার কার্ডের আবেদন করতে বাড়তি টাকা নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়। ছুরিকাঘাতে এক আবেদনকারী নিহতের পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে জানিয়ে তিনি বলেন, এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের বরাতে থানার পুলিশ জানায়, দুস্থদের জন্য সরকারি সহায়তা ভিজিএফের চালের কার্ড করতে অনলাইনে আবেদন করতে ৪০০ টাকা নেওয়ার প্রতিবাদ করেন আব্দুল আজিজ। 

নিহতের স্বজনদের অভিযোগ, এ কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের কার্ডের জন্য চলমান অনলাইন আবেদন করতে স্থানীয় প্রভাবশালীদের মদদে প্রতিটি আবেদনের বিপরীতে এ টাকা নেওয়া হচ্ছিল। এ টাকা আদায়ে নেতৃত্বে ছিল পলাশ নামে একজন। এ নিয়ে তার সঙ্গে আজিজ ও বিজয়ের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পলাশ ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করলে আজিজ পেটে গুরুতর জখম হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত আজিজকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় যার বিরুদ্ধে অভিযাগ উঠেছে সেই পলাশের বক্তব্য পাওয়া যায়নি।

ওসি বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।