১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাদির মৃত্যু দেশের গণতান্ত্রিক পরিসরে অপূরণীয় ক্ষতি: জাবি উপাচার্য

শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 03:29 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

শুক্রবার এক শোক বার্তায় তিনি বলেন, “আততায়ীর গুলিতে হাদির প্রাণ বিসর্জন দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হওয়ার নয়।

“আধিপত্যবাদ ও আগ্রাসন শক্তির বিরোধী ওসমান হাদির রাজনৈতিক দর্শন দেশবাসীকে আন্দোলিত করেছিল।”

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন।

আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। একপর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলে।

পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল; সেখানেই তার মৃত্যু হয়।

উপাচার্য কামরুল আহসান বলেন, “ওসমান হাদি একটি স্বপ্নের নাম। স্বপ্নের মৃত্যু নেই। বিপ্লবীদের মৃত্যু নেই। কারণ, বিপ্লবীরা স্বপ্নদ্রষ্টা।

“স্বদেশবাসী ও বিশ্বমানবের উজ্জ্বল জীবনের স্বপ্ন বাস্তব করে তুলতে তারা জীবন উৎসর্গ করেন। স্বপ্নদ্রষ্টা ওসমান হাদির এটা শুধু প্রস্থান মাত্র। তার কর্ম, স্বদেশ চিন্তা এবং মূল্যবোধ অম্লান হয়ে থাকবে।” 

উপাচার্য তার শোক বার্তায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

তিনি ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। 

উপচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন, “ওসমান হাদির অকাল মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। 

“একইসঙ্গে শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের মসজিদে ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয় গুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।”