রাজশাহীতে দুই বাইকের সংঘর্ষে প্রাণ গেল ২ আরোহীর
নিহত দুইজন ইউএস বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা ছিলেন।
রাজশাহীর তানোর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই আরোহী।
সোমবার বিকালে উপজেলার মুণ্ডুমালা পৌরসভা এলাকার দেবীপুরে এ ঘটনা ঘটে বলে জানান রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম।
নিহতরা হলেন- ইউএস বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা জাহিদ আলম (৪৫) এবং পলাশ (২৬)। তারা একই মোটরসাইকেল ছিলেন। তারা রাজশাহী মহানগরের সিরোইল এলাকার বাসিন্দা।
আহত ভূপেন (২৬) এবং রিয়াজকে (৩০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা তানোর উপজেলার গোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।
রফিকুল ইসলাম বলেন, জাহিদ ও পলাশ মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে ভূপেন ও রিয়াজ আরেকটি মোটরসাইকেলে আসছিলেন।
পথে একটি খড় বোঝাই অটোভ্যানকে অতিক্রম করার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহিদ ও পলাশ ঘটনাস্থলেই মারা যায়। আহত হন অপর মোটরসাইকেলের দুই আরোহী।
জেলা পুলিশের মুখপাত্র রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
