Published : 16 Aug 2025, 01:00 AM
মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়ায় বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রান্না করা খাবার পুলিশ নিয়ে গেছে।
সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান বলেন, শুক্রবার দুপুরে তার বাড়ি থেকে পুলিশ খাবার নিয়ে চলে যায়।
এ ঘটনা নিয়ে শুক্রবার মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল ফেইসবুকে একটি পোস্ট দেন।
‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২৫’ শিরোনামে তিনি সেখানে লিখেছেন, “নৈতিক দায়িত্ব থেকে আমি আজকের দিনটি পালন করার চেষ্টা করেছি। আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করেছেন!
“সকালে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। হয়েছে কোরআন খতম ও দোয়া মাহফিল। আয়োজন ছিল কাঙ্গালী ভোজের। বাকিটা ইতিহাস!”
মফিজুল ইসলাম খান কামাল বলেন, দুপুরে কাঙালি ভোজের জন্য খিচুড়ি রান্না হচ্ছিল। এ সময় পুলিশ এসে রান্না করতে নিষেধ করেন। পরে তার অনুরোধে রান্না সম্পন্ন হলেও, শেষপর্যন্ত সেই খাবার পুলিশ নিয়ে যায়।
তিনি দাবি করেন, “বঙ্গবন্ধু আওয়ামী লীগের একক কোনো সম্পত্তি নয়। তার মৃত্যুবার্ষিকী পালন করা যাবে না, সরকার থেকে এরকম কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার স্বাধীনতা আছে এ আয়োজন করার।”

মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমানউল্লাহ বলেন, “বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মফিজুল ইসলাম খান কামালের বাড়িতে খিচুরি রান্নার আয়োজন চলছিল। সেই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। রান্না করা খাবার পুলিশের হেফাজতে রয়েছে।”
মফিজুল ইসলাম খান কামাল তৎকালীন ঢাকা-৩ (মানিকগঞ্জ-৩) আসনের সংসদ সদস্য ছিলেন।
১৯৮১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৩ সালে গণফোরামের প্রতিষ্ঠাতা নেতাদের একজন হয়ে নির্বাহী সভাপতির দায়িত্ব পান। বর্তমানে তিনি দলের একটি বিভক্ত অংশের সভাপতি। মানিকগঞ্জ মহিলা কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার সঙ্গেও তিনি সম্পৃক্ত।