Published : 17 May 2026, 07:11 PM
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক সাব্বির বিন শামসকে গণঅভ্যুত্থানের সময়কার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার বিকালে লালমনিরহাট আমলি আদালত-১ এর বিচারক মো. আলাউদ্দিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম।
শনিবার দুপুরে পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ছিটমহল দহগ্রাম আঙ্গরপোতার বঙ্গের বাজার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে রাতেই তাকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রাতে তিনি সেখানেই ছিলেন।
সাব্বির বিন শামসের (৫৭) বাড়ি লালমনিরহাট শহরে।

তাকে কী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জানতে চাইলে লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থান চলাকালে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুমন খানের বহুতল বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওইদিন সেখানে আগুনে পুড়ে ছয়জনের মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৫ সালের ২৭ মে সদর থানায় একটি মামলা হয়।
“তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে সাব্বির বিন শামসকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”
ওসি বলেন, সাব্বির বিন শামসের বিরুদ্ধে দুদকের মামলাও রয়েছে।
এদিকে আদালতে নেওয়ার আগে সাব্বির বিন শামস সাংবাদিকদের বলেন, ২০২১ সালে তৎকালীন সরকার তাকে তিন বছরের মেয়াদে চুক্তিভিত্তিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেয়। যেখানে তিনি সাত মাস দায়িত্ব পালন করেন।
পরে ২০২৩ সালে তিনি যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে ‘মিনিস্টার পাবলিক ডিপ্লোম্যাসি’ পদে চুক্তিভিত্তিক কাজ করেন। সেখান থেকে পদত্যাগ করে তিনি ঢাকায় ফিরে আসেন।
আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, “আমরা আদালতে তার জামিনের আবেদন করে যুক্তিতর্ক উপস্থাপন করেছিলাম। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।”
এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সাব্বিরের বিরুদ্ধে অনুপ্রবেশ বা পাসপোর্ট আইনে কোনো মামলা নেই। ধারণা করছি, এসব আইনে মামলা যেহেতু জামিনযোগ্য তাই হয়ত দেওয়া হয়নি।”
আরও পড়ুন:
পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক