২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনে হামলা: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

এ ঘটনায় তদন্ত কমিটি করে মামলার দিকে যাওয়া কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2024, 07:36 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি চিঠি উপাচার্যের দপ্তর থেকে রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে বলে জানান বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ছাত্র-জনতার আন্দোলনের সময় জুলাই বিপ্লবীদের ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের বিরুদ্ধে নেওয়ার দাবি জানিয়েছেন। 

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন তিন কার্য দিবসের মধ্যে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় চিঠি পেয়েছি। উপাচার্যের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করতে হবে। রোববার তার সঙ্গে আলোচনা করে কী প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া যায় সেই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে তদন্ত কমিটি করে মামলার দিকে যাওয়া হবে।”

প্রক্টর ও রেজিস্ট্রার দপ্তর জানিয়েছে, ২৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সভায় হামলা এবং ১ অগাস্ট আন্দোলনে নেতৃত্ব দেওয়াদের পুলিশে ধরিয়ে দেওয়ার ঘটনায় প্রাথমিকভাবে বর্তমান ও সাবেক ২১ শিক্ষার্থীকে চিহ্নিত করেছে আন্দোলনকারীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির দুইজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে জানান, ছাত্রদের তিনটি পক্ষ নামের তালিকা জমা দিয়েছে। এগুলো বিচার বিশ্লেষণ চলমান রয়েছে।

আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মো. সিরাজুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন দেরিতে হলেও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছেন বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছি।

“সেইসঙ্গে প্রকৃত হামলাকারীদের অপরাধের মাত্রা অনুযায়ী অ্যাকাডেমিক ও প্রচলিত আইনের আওতায় শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি।”

বরিশালে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিপেটা, আহত অর্ধশতাধিক