২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ অটোরিকশা চালকের লাশ মিলল আখক্ষেতে

বুধবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁ হন তিনি।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2024, 03:47 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

ফরিদপুরের সদরে একটি আখক্ষেত থেকে এক নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।  

উপজেলার কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুর এলাকা থেকে শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান জানান।

মৃত অটোরিকশা চালক মোশারফ হোসেন (৩৫) ওই ইউনিরয়নের শোভারামপুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় আটক সোহেল শেখ, চান্দু ও সাগরের বাড়ি ফরিদপুর সদরের বিভিন্ন এলাকায়। 

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “বুধবার বাড়ি থেকে অটোরিকশা নিয়ে হন মোশারফ। এরপর থেকে তার আর কোনো হদিস মিলছিল না। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় খবর দেয়।

পরে কোতোয়ালি থানা পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার সন্ধ্যায় শহর থেকে তিন আসামিকে আটক করে। পরে তারা জানায় যে, অটোরিকশা ছিনতাই করে মোশারফকে খুন করে আখক্ষেতে ফেলে রাখা হয়েছে।”

মোশারফের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।