Published : 20 Nov 2025, 03:13 PM
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ও কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ব্রাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে প্রথমবারের মতো হতে যাওয়া এসব আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুনঃনির্ধারণ করা হয়েছে শীতকালীন ছুটির তারিখ।
বুধবার সন্ধ্যায় প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে অনুষ্ঠিত ৫৫তম অ্যাকাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেরোবি উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী।
অ্যাকাডেমিক কাউন্সিলের সভা শেষে সংবাদ সম্মেলনে উপাচার্য শওকাত আলী বলেন, পূর্ব নির্ধারিত শীতকালীন ছুটির তারিখ ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পুনঃনির্ধারণ করা হয়েছে। ফলে ডিসেম্বরে ক্লাস ও পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম চালু থাকবে।
শীতকালীন ছুটির মধ্যে অফিস বন্ধ থাকবে ২০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি। আর বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ২০২৬ সালের ১৯ জানুয়ারি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।
সমাবর্তনের বক্তা (কনভোকেশন স্পিকার) হিসেবে আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিদের আমন্ত্রণ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান উপাচার্য।

প্রথম ‘ব্রাকসু’র ভোট ২৯ ডিসেম্বর
এর আগে মঙ্গলবার রাতে ঘোষণা করা হয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদসমূহের প্রথম নির্বাচনের তফসিল।
ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার শাহাজামানসহ পাঁচ কমিশনারের স্বাক্ষরিত তফসিলে জানান হয়- ২২ নভেম্বর ব্রাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ৫ দিন চলবে মনোনয়ন বিতরণ, ২ ও ৩ ডিসেম্বর মনোনয়ন দাখিল, ৪ ও ৬ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই এবং ৭ ডিসেম্বর প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।
এরপর ৮ ডিসেম্বর আপত্তি-অনাপত্তি এবং ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার করা যাবে। মনোনয়ন সংগ্রহ করা প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ১০ ডিসেম্বর। পরে ১৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এরপর ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ওইদিনই ফলাফল ঘোষণা করা হবে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৮ সালের ১২ অক্টোবর। শুরুতে নাম ছিল রংপুর বিশ্ববিদ্যালয়, পরে মহীয়সী নারী বেগম রোকেয়ার নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়।
২০০৯ সালের ৪ এপ্রিল, ৩০০ জন ছাত্রছাত্রী নিয়ে রংপুর সদরের ধাপ এলাকায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়।
পরে ২০১১ সালের ৮ জানুয়ারি, রংপুর ক্যাডেট কলেজ ও রংপুর কারমাইকেল কলেজের নিকটবর্তী ৭৫ একর জমির উপর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অ্যাকাডেমিক কার্যক্রম স্থানান্তরিত হয়।
প্রতিষ্ঠার পরে দেড় দশক পেরিয়েও এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ গঠন হয়নি।
তাই গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচনি রোডম্যাপসহ ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের দাবিতে, স্মারকলিপি প্রদান, মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার শাহাজামান বলেন, আগামী ২৯ ডিসেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচন। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য যা যা করার তা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।
এ সময় তিনি নির্বাচন আয়োজন ও পরিচালনায় সম্ভাব্য প্রার্থীসহ সব শিক্ষার্থীর সহযোগিতাও চেয়েছেন।