২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে আলাদা ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন ও ১৪ বছরের জেল

২০২১ সালের ৬ ফেব্রুয়ারি এক কিশোরী এবং ২০২৩ সালের ৯ এপ্রিল অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে জানান পিপি।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 05:14 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

জামালপুর সদর উপজেলায় আলাদা ঘটনায় দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন এবং ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ফজলুল হক।

দণ্ড পাওয়া আবু সাইদ ওরফে রবিন (২২) উপজেলার তুলশীরচর গ্রামের বাসিন্দা।

পিপি ফজলুল হক বলেন, ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি ১৩ বছরের এক কিশোরীকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন রবিন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়।

একই আসামি ২০২৩ সালের ৯ এপ্রিল একই এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করেন বলে জানান তিনি।

সাক্ষ্য গ্রহণ শেষে এক মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা এবং অপর মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান পিপি ফজলুল হক।

আসামিকে গ্রেপ্তারের পর একটা সাজার পর অপরটা কার্যকর হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।