সিরাজগঞ্জের যমুনায় যুবকের মরদেহ, পচে-গলে বেরিয়ে গেছে হাঁড়
অন্তত ১৫/২০ দিন আগে তার মৃত্যু হয়েছে এবং মরদেহটি উজান থেকে ভেসে এসেছে বলে ধারণা পুলিশের।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদী থেকে এক যুবকের ভাসমান-গলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এনায়েতপুরের বেড়িবাঁধের দক্ষিণে কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবিদ হোসেন খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। পরে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
“আনুমানিক ৩৫-৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় যুবকটির শরীর পচে-গলে হাঁড় বের হয়ে গেছে। ধারণা করা হচ্ছে অন্তত ১৫/২০ দিন আগে তার মৃত্যু হয়েছে এবং মরদেহটি উজান থেকে ভেসে এসেছে।”
এসআই আবিদ আরও বলেন, “আমরা নিহতের পরিচয় উদ্ধার ও স্বজনদের খোঁজ করছি। এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে।”
