Published : 24 Mar 2026, 05:19 PM
মাদারীপুরের রাজৈর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও মেয়ে।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ গ্রামবাসী প্রতিপক্ষের চারটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন।
নিহত জাকির শেখ (৫৫) উপজেলার মজুমদারকান্দি গ্রামের নুর ইসলাম শেখের ছেলে। তিনি রাজৈর বাসস্ট্যান্ডে ফল বিক্রি করতেন।
আহত জাকিরের স্ত্রী রেবা বেগম ও মেয়ে তাজনূর বেগমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে জাকির শেখের মেয়ে জামাই রাসেল কাজীর সঙ্গে প্রতিবেশী মজিদ খানের বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে সকালে মজিদ খানের সঙ্গে রাসেল কাজীর কথা-কাটাকাটি হয়।
এ খবর পেয়ে পাশের গ্রামের বাসিন্দা জাকির শেখ মেয়ের জামাইয়ের বাড়িতে গিয়ে মজিদ খানদের কাছে ঘটনার কারণ জানতে চান। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে মজিদ খানের লোকজন ধারালো অস্ত্র দিয়ে জাকির শেখ, তার স্ত্রী রেবা ও মেয়ে তাজনূরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
স্বজনরা তাদের উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিলে চিকিৎসক জাকিরকে মৃত্যু ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর অবস্থায় মা ও মেয়েকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী মজিদ খান ও তার ভাইদের চারটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস।
পুলিশ পরিদর্শক কুতুবউদ্দিন বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।