পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন: ৩ দিন পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
আমদানি-রপ্তানি স্বাভাবিক হওয়ায় প্রাণচঞ্চলতা ফিরেছে দুই দেশের বন্দর এলাকায়।
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি তিন দিন বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে।
আমদানি-রপ্তানি স্বাভাবিক হওয়ায় প্রাণচঞ্চলতা ফিরে এসেছে দুই দেশের বন্দর এলাকায়। স্বাভাবিক হয়েছে পাসপোর্ট যাত্রী পারাপারও।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল থেকে আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে আসছে। আর অন্যদিকে বেনাপোল থেকে রপ্তানি পণ্যবোঝাই ট্রাক পেট্রাপোল বন্দরে ঢুকছে।
বন্দর কর্তৃপক্ষ বলছে, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে জেলা প্রশাসনের নির্দেশনায় ২৭ এপ্রিল সকাল থেকে ২৯ এপ্রিল ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ রাখা হয়।
তবে এ সময়ে স্বাভাবিক ছিল পচনশীল পন্য আমদানি-রপ্তানি। আর চেকপোস্ট দিয়ে বিশেষ প্রয়োজন এবং জরুরি চিকিৎসা সেবা নিতে যাওয়া যাত্রীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে তিন দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। এখন তা আবার শুরু হয়েছে।
তিনি বলেন, “এ সময়েও বেনাপোল বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক ছিল।”
