Published : 13 Nov 2025, 12:54 PM
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনে কর্মসূচিতে নাশকতার চেষ্টার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
এর আগে মঙ্গলবার গ্রেপ্তার করে ১৩ জনকে। এ নিয়ে নাশকতাবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তারের সংখ্যা ৩৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম।
বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়ারা হলেন, নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের যুবলীগ সদস্য মো. আবু আক্কাস সিদ্দিক দরবেশ (৪৭), ৩ নম্বর সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নজির জোসেন (৪২), ফুলবাড়ী ৫ নম্বর ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম (৬২), ৩ নম্বর ওয়ার্ড রাবাইতারী আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম (৫২), রাজারহাট চাকিরপশার ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মো. মোসলেম উদ্দিন মন্ডল (৫৪), ভূরুঙ্গামারী ৬ নম্বর ওয়ার্ড পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো. আব্দুল মালেক (৫০), আন্ধারীঝার ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আল আমিন হোসেন (৩৯), কুড়িগ্রাম সদর কাঁঠালবাড়ি ইউনিয়ন যুবলীগের সদস্য মো. রেজাউল করিম রতন (৪৫), নাগেশ্বরী পৌর যুবলীগের সভাপতি মো. আ. জব্বার (৪৮), হাসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো. আলম (৪২), রায়গঞ্জ ইউনিয়ন কৃষকলীগের ওয়ার্ড সভাপতি মো. আসাদুজ্জামান বাচ্চু (৫০), কুড়িগ্রাম সদরের যুবলীগের সদস্য মো. রানু (৩৩) ও চিলমারী রমনা ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছক্কু মেম্বার (৫০)।
এছাড়াও উলিপুর উপজেলায় রাস্তায় টায়ার টায়ার জ্বালিয়ে আগুন ও ভাঙচুরসহ জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি করার প্রস্তুতি নেওয়ার সময় আরও ৭ জনকে স্পটে হাতেনাতে গ্রেপ্তার করেছে উলিপুর থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উলিপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক আসিফ, দূর্গাপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ও চাপাই নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সহ সভাপতি রুদ্র, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের আশিক, শাহীন আলম সম্রাট, আওয়ামী লীগের উলিপুর উপজেলার নেতা বিএম আব্দুল ওহাব শাহ, ছাত্রলীগের কর্মী জাহিদ হাসান নিশান ও হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মো. রাজু মিয়া।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা ও সহযোগিতার অভিযোগে সর্বমোট ৩৩ জন আসামিকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন মামলায় গ্রেপ্তার করে পুলিশ।
জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।