Published : 30 Jun 2026, 10:55 PM
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের সময় দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন।
উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় পূর্ব সদরদী ও হাসামদিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে মঙ্গলবার রাত ৮টা থেকে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে ভাঙ্গা থানার ওসি রেজওয়ান দীপু জানান।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।