Published : 18 Jul 2026, 12:46 PM
ফরিদপুরের সদর উপজেলায় দুই দিন ধরে নিখোঁজ এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি- চাঁদা না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট সংলগ্ন একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান।
নিহত ইউসুফ ফকির (৪৫) চরমাধবদিয়া এলাকার সহির উদ্দিনের ছেলে। তিনি পেঁয়াজের ব্যবসা করতেন।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অটোরিকশায় করে বাড়ির সামনে নামেন ইউসুফ। কিন্তু তিনি বাড়িতে ঢুকেন নি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
বিএনপি নেতা ও স্থানীয় ব্যবসায়ী সিদ্দিকী মিতুল বলেন, শনিবার সকালে স্থানীয় লোকজন মমিনখার হাটের পাশের একটি পাটক্ষেতের সামনে হাত-পা বাঁধা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়।
তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের শ্বশুর আজিজ খান বলেন, ঘটনার একদিন আগে বুধবার, ইউসুফ ফকিরের কাছে ফোন করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদার টাকা না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে ওসি মো. মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।