২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে আহত অবস্থায় উদ্ধার মেছো বাঘটি মারা গেছে

“কেউ প্রাণীটিকে আঘাত করেনি। হয়তো আগে থেকেই কোনো কারণে সে আহত ছিল।”

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 07:09 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

মানিকগঞ্জ সদর উপজেলায় আহত অবস্থায় স্থানীয়রা একটি মেছো বাঘকে উদ্ধার করেন। কিন্তু ঘণ্টা খানেকের মধ্যেই সেটি মারা যায়। 

শনিবার সকালের দিকে উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর গ্রামের একটি পুকুর পাড় থেকে মেছো বাঘটি উদ্ধার করা হয়েছিল বলে হরিরামপুর উপজেলা (দায়িত্বপ্রাপ্ত) বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান।

স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আওলাদ হোসেন ভুলু সাংবাদিকদের বলেন, “সকালে মেছো বাঘটিক আমাদের বাড়ির নিচে পুকুর পাড়ে দেখা যায়। তখন জাল দিয়ে ফাঁদ পেতে তাকে উদ্ধার করা হয়। মেছো বাঘটিকে বটতলা কবরস্থানের মাঠে এনে রাখা হয়। তখন সেটিকে একনজর দেখার জন্য অসংখ্য মানুষ ছুটে আসেন। 

“উদ্ধারের ঘণ্টা খানেকের মধ্যেই মেছো বাঘটি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কেউ প্রাণীটিকে আঘাত করেনি। হয়তো আগে থেকেই কোনো কারণে সে আহত ছিল।” 

হরিরামপুর উপজেলা বনবিভাগের কর্মী মো. মুন্না খান বলেন, মেছো বাঘ উদ্ধারের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। কিন্তু তিনি পৌঁছানোর আগেই সেটি মারা যায়। পরে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় মেছো বাঘটিকে মাটিচাপা দেওয়া হয়।

‎সরফদিনগর গ্রামের বাসিন্দা নাসির উদ্দীন ও জাকির হোসেন বলেন, প্রায় তিন মাস আগে তিনটি মেছো বাঘ গ্রামে দেখা গিয়েছিল। এর মধ্যে একটি অনেক বড়। হয়তো বড়টির বাচ্চা হতে পারে এটি। তবে বাঘটি আগে থেকেই সম্ভবত আহত ছিল। 

বাল্লা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, “সকালে ইউএনও স্যারের ফোন পেয়ে আমি ঘটনাস্থলে আসি। এসে দেখি বাঘটি মারা গেছে। তবে এখাকার মানুষজন আমাকে জানান, তারা আহত অবস্থায়ই বাঘটি উদ্ধার করেন।”