যৌথ বাহিনীর অভিযানে শেরপুরে ৪০০ বস্তা ‘ভেজাল’ সার জব্দ
কোম্পানির পক্ষ থেকে বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় সারগুলোর জব্দ করা হয়েছে।
শেরপুর সদরে একটি সার কারখানা থেকে বিভিন্ন ব্র্যান্ড ও কোম্পানির ৪০০ বস্তা ‘ভেজাল’ সার জব্দ করেছে যৌথ বাহিনী। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাপমারী এলাকায় ‘সেভেন কে আর বাংলাদেশ লিমিটেড’ নামে একটি সার মোড়কজাত কারখানায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে জানান শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু।
উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার একটি গোডাউনে ট্রাকভর্তি ‘ভেজাল’ সার নামানোর গোপন খবরে পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও কৃষি অফিসের কর্মকর্তার সমন্বয়ে অভিযান চালানো হয়।
এ সময় ট্রাকের চালকের সহকারী সারগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তবে অভিযানের খবর পেয়ে গোডাউনের মালিক রুবেল মিয়া পালিয়ে যান।
পরে সেখান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ও কোম্পানির ৪০০ বস্তায় ২০ টন সার জব্দ করা হয়; যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ টাকা বলে জানান কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু।
তিনি বলেন, ‘সেভেন কে আর কোম্পানিটি’র সার আমদানি ও প্যাকেটজাত করার অনুমোদন থাকলেও জব্দ করা সারের বস্তায় কোনো ট্রেডমার্ক বা নাম না থাকায় সেগুলো আসল না নকল তা শনাক্ত করা সম্ভব হয়নি। ল্যাব টেস্টের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এ ছাড়া সারগুলো ভারত থেকে আনা হয়েছে কি-না এমন কোনো প্রমাণ বা কাগজপত্র কোম্পানিটির পক্ষ থেকে কেউ দেখাতে পারেননি বলে জানান মুসলিমা খানম নীলু।
